Views Bangladesh Logo

৩০ দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাসে অ্যাম্বুলেন্স মালিকদের ধর্মঘট প্রত্যাহার

সরকারের পক্ষ থেকে যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস পেয়ে দেশজুড়ে ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি।

মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে রাজধানীর ন্যাম ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস বলেন, সমিতির উত্থাপিত দাবিগুলো আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে পর্যালোচনা করা হবে এবং যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির প্রধান উপদেষ্টা মো. গোলাম মোস্তফা ফুয়াদ জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর স্বার্থে এবং সরকারের প্রতিশ্রুতির প্রতি আস্থা রেখে তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে তিনি দেশের সব অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের অবিলম্বে স্বাভাবিকভাবে সেবা কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

এর আগে ৫ দফা দাবিতে দেশজুড়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। দাবিগুলো হলো— অ্যাম্বুলেন্সের জন্য বাণিজ্যিক নিবন্ধন চালু, প্রযোজ্য নীতিমালার বাস্তবায়ন, নির্ধারিত পার্কিং সুবিধা, সেতু ও মহাসড়কে টোলমুক্ত চলাচল এবং সার্বক্ষণিক জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ