Views Bangladesh Logo

আজ শেষ হচ্ছে অমর একুশে বইমেলা

নানা আলোচনা-সমালোচনা ও প্রকাশকদের বিক্রি নিয়ে অসন্তোষের মধ্য দিয়ে আজ রোববার (১৫ মার্চ) শেষ হচ্ছে সংক্ষিপ্ত পরিসরের ১৮ দিনের অমর একুশে বইমেলা।

জাতীয় সংসদ নির্বাচনের কারণে প্রচলিত সময়সূচি অনুযায়ী ১ ফেব্রুয়ারির পরিবর্তে এবারের মেলা শুরু হয় ২৬ ফেব্রুয়ারি। ফলে মেলার সময়সীমা কমে যাওয়ায় এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে বই বিক্রিতে প্রত্যাশিত গতি দেখা যায়নি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মেলার সমাপনী উপলক্ষে বিকেল ৩টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অনুষ্ঠানে বছরের সেরা প্রকাশনাগুলোর জন্য গুণীজন স্মৃতি পুরস্কার প্রদান করা হবে এবং মেলার সার্বিক কার্যক্রম নিয়ে প্রতিবেদন উপস্থাপন করা হবে।

প্রকাশকদের একটি অংশ জানায়, ২৬ ফেব্রুয়ারি মেলা শুরু হয়ে ১৫ মার্চ শেষ করার সিদ্ধান্ত নিয়ে শুরু থেকেই তাদের মধ্যে মতভেদ ছিল। অনেক বড় প্রকাশনা সংস্থার দাবি, এবারের মেলায় তারা বিনিয়োগের অর্ধেকও তুলতে পারেনি।

আয়োজক ও প্রকাশকদের ধারণা, সমাপনী দিনে মেলা প্রাঙ্গণে পাঠক ও দর্শনার্থীদের ভিড় বাড়তে পারে। শেষ সময়ে প্রিয় লেখকের বই সংগ্রহ করতে দুপুরের পর থেকেই বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পাঠকদের উপস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

এবারের বইমেলায় দেড় হাজারের বেশি নতুন বই প্রকাশিত হয়েছে। তবে সময়সীমা কম থাকা, যাতায়াতে বিড়ম্বনা এবং অন্যান্য কারণে গত বছরের তুলনায় বিক্রি কম হওয়ায় অনেক প্রকাশকের মধ্যে হতাশা দেখা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ