Views Bangladesh Logo

অমর একুশে বইমেলা ২০২৬ শুরু হচ্ছে কাল

নানা সংকট কাটিয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। বেলা ২টায় বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ প্রদান করবেন।

এবারের বইমেলার প্রতিপাদ্য— ‘বহুমাত্রিক বাংলাদেশ’। ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত। ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

এবার মেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি।

বইমেলায় মোট ইউনিট সংখ্যা ১,০১৮টি। সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বর থাকছে, যেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এবার বইমেলাকে পরিবেশবান্ধব ও ‘জিরো ওয়েস্ট বইমেলা’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। মেলা পলিথিন ও ধূমপানমুক্ত থাকবে। নিয়মিত পানি ছিটিয়ে ধুলা নিয়ন্ত্রণ, মশকনিধনের ব্যবস্থা থাকবে।

মেলার বিন্যাস গত বছরের মতো থাকলেও কিছু পরিবর্তন আনা হয়েছে। মেট্রোরেল স্টেশনের অবস্থান বিবেচনায় বাহিরপথ মন্দির গেটের কাছে সরানো হয়েছে।

প্রবেশ ও প্রস্থানের পথ থাকবে—টিএসসি, দোয়েল চত্বর, এমআরটি বেসিং প্ল্যান্ট ও
ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন এলাকায়।

খাবারের স্টল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের সীমানা ঘেঁষে থাকবে। রমজান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যান অংশে তারাবিহ নামাজের ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ‘শিশুপ্রহর’ থাকবে। শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট থাকবে।

প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত সেমিনার এবং ৪টা থেকে ৫টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়া থাকবে শিশু-কিশোর চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা। সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

মেলায় প্রবেশ ও বাহিরপথে আর্চওয়ে স্থাপন করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় থাকবে বাংলাদেশ পুলিশ, র‍্যাব, আনসার ও গোয়েন্দা সংস্থা। পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে, যাতে পুরো মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকা নজরদারির আওতায় থাকে।

রমজান মাসে বইমেলা আয়োজন নিয়ে ৩৫০ প্রকাশনা প্রতিষ্ঠান আপত্তি জানালেও আলোচনার পর তারা শর্তসাপেক্ষে অংশ নিচ্ছে। তাদের দাবি অনুযায়ী এবার মেলায় কোনো প্যাভেলিয়ন থাকবে না।

গত ২২ ফেব্রুয়ারি সিদ্ধান্ত হওয়ার পর ২৩-২৪ ফেব্রুয়ারি স্টল বুঝে পান প্রকাশকরা। অনেকেই জানিয়েছেন, মেলার প্রথম দিনেও স্টল সাজানোর কাজ চলতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ