আমানউল্লাহ আমানের ১৩ বছরের সাজা বাতিল
অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় বিএনপি নেতা আমানউল্লাহ আমানের ১৩ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সাবেরা আমানের তিন বছরের সাজা বাতিল করেছেন আপিল বিভাগ।
বুধবার (৩০ এপ্রিল) প্রধান বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
আদালতে এদিন আমান ও তার স্ত্রীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার সাকিব মাহবুব।
রায়ের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, আপিল বিভাগের রায়ে বিএনপি নেতা আমানউল্লাহ আমান ও তার স্ত্রী ন্যায় বিচার পেয়েছেন। এর ফলে আমানউল্লাহ আমানের আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা থাকল না।
উল্লেখ্য, আমান দম্পতির বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৬ মার্চ রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুদক। এরপর ওই বছরের ২১ জুন আমানকে ১৩ বছর এবং তার স্ত্রী সাবেরাকে তিন বছরের কারাদণ্ড দেন বিশেষ জজ আদালত।
পরে তারা হাইকোর্টে আপিল করলে ২০১০ সালের ১৬ আগস্ট তাদের খালাস দেয় হাইকোর্ট। তবে দুদক এই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। ২০১৪ সালের ২৬ মে হাইকোর্টের রায় বাতিল করে পুনঃশুনানির নির্দেশ দেয় আপিল বিভাগ।
পুনঃশুনানি শেষে ২০২৩ সালের ৩০ মে আমান ও তার স্ত্রীর সাজা বহাল রাখে হাইকোর্ট। এরপর একই বছরের ১২ সেপ্টেম্বর আমান উল্লাহ আমান আপিল বিভাগে খালাস চেয়ে আবেদন করেন। যার চূড়ান্ত রায় আজ ঘোষণা করা হলো।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে