Views Bangladesh Logo

আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি

নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভিন পপি দীর্ঘ অভিনয়জীবনে নানা উত্থান-পতনের মধ্য দিয়ে গেছেন। মিষ্টি হাসি, অভিনয় দক্ষতা ও ব্যক্তিত্ব দিয়ে দর্শকের কাছে আলাদা জায়গা করে নেওয়া এই অভিনেত্রী বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সম্প্রতি তার পারিবারিক সম্পর্ক নিয়ে নানা আলোচনা সামনে এসেছে। এবার নিজেই পরিবারের কাছ থেকে পাওয়া কষ্টের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়েছেন পপি।

১৯৯৬ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমাতেই দর্শকের নজর কাড়েন তিনি। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নব্বইয়ের দশকে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রীদের একজন হয়ে ওঠেন।

ক্যারিয়ারের শুরুর দিকে প্রায় সব সময়ই শুটিং স্পটসহ বিভিন্ন জায়গায় পপির সঙ্গে তার মাকে দেখা যেত। তবে সাম্প্রতিক সময়ে মায়ের সঙ্গে তার দূরত্বের বিষয়টি প্রকাশ্যে আসে। পপির বিরুদ্ধে তার মা বিভিন্ন গণমাধ্যমে অভিযোগও করেন।

এরই মধ্যে পপি জানিয়েছেন, যাকে এতদিন মা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে, তিনি তার সৎমা। পপির ভাষ্য, সৎমায়ের সংসার থেকে তিনি দীর্ঘদিন ধরে নানা ধরনের আঘাত পেয়েছেন।

নিজের কষ্টের কথা বলতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে পপি বলেন, ‘৩০ বছর কষ্ট করেছি। কখনও আমার কষ্ট তারা উপলব্ধি করেনি। আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে। তাদের চাহিদার শেষ ছিল না। যত পেয়েছে, ততই চাহিদা বেড়েছে।’

পপি আরও বলেন, ‘সৎমার সংসার থেকে যে পরিমাণ আঘাত পেয়েছি, সেই ধকল এখনও কাটিয়ে উঠতে পারিনি।’

অভিনয়জীবনের শুরু থেকে পরিবারের সঙ্গে তার সম্পর্ক, দীর্ঘ ক্যারিয়ারে অর্জন এবং ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হলেও এবার নিজের অভিজ্ঞতা নিয়ে সরাসরি কথা বললেন এই অভিনেত্রী। তার বক্তব্যের মধ্য দিয়ে পারিবারিক সম্পর্কের টানাপোড়েনের পাশাপাশি দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ ও কষ্টও প্রকাশ পেয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ