Views Bangladesh Logo

আতলেতিকো ছাড়ার সিদ্ধান্তে অনড় আলভারেস, বাড়ছে উত্তেজনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

আতলেতিকো মাদ্রিদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস। ক্লাব ছাড়ার পথ তৈরি করতে কোচ দিয়েগো সিমিওনের সহযোগিতা চাইলেও তাঁর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন এই ফরোয়ার্ড। ক্লাবের কর্মকর্তাদের তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাঁকে ঘিরে যেন আর কোনো পরিকল্পনা না করা হয়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, ২৬ বছর বয়সী আলভারেস বেশ কিছুদিন ধরেই আতলেতিকো ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে আসছেন। ক্লাব ছাড়ার বিষয়ে সিমিওনের সঙ্গে সরাসরি আলোচনা করে সমাধানে পৌঁছাতে চেয়েছিলেন তিনি। কিন্তু ছুটি শেষে ক্লাবে ফিরে কোচের সঙ্গে কথা বলার সুযোগ না পেয়ে হতাশ হন আলভারেস।

আলভারেসের পরবর্তী গন্তব্য হিসেবে বার্সেলোনাই তাঁর প্রথম পছন্দ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্লাবে ফিরে তিনি দেখেন, সিমিওনে দুই দিনের ছুটি কাটাতে ইবিজায় চলে গেছেন। একই সময়ে ক্লাবের প্রধান নির্বাহী মিগেল আনহেল গিল মারিনও ছুটিতে থাকায় তাঁর সঙ্গেও কথা বলতে পারেননি আলভারেস।

এরপর ক্লাবে উপস্থিত কর্মকর্তাদের কাছে নিজের অবস্থান স্পষ্ট করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাঁকে ঘিরে যেন ভবিষ্যৎ পরিকল্পনা করা না হয়, সেটিও জানিয়ে দেন তিনি। অর্থাৎ, আতলেতিকো ছাড়ার সিদ্ধান্ত থেকে তিনি একচুলও সরবেন না।

মুন্দো দেপোর্তিভোর দাবি, আলভারেস মনে করেন, পরিস্থিতির মুখোমুখি হয়ে তাঁর সঙ্গে আলোচনা করার মতো সাহস দেখাননি সিমিওনে। অথচ আলভারেস যে কোচের সঙ্গে কথা বলে চলমান সমস্যার সমাধান করতে চান, সেটি সিমিওনের জানা ছিল।

এ ঘটনায় হতাশ হয়েছেন আলভারেস। ক্লাবের প্রধান নির্বাহী গিল মারিনও পরিস্থিতি সামাল দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন। কিন্তু তিনিও ছুটিতে থাকায় আলভারেসের সঙ্গে আলোচনার সুযোগ হয়নি। এতে আর্জেন্টাইন ফরোয়ার্ডের ক্ষোভ আরও বেড়েছে।

আগামী দুই দিনের মধ্যে পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেদিন সিমিওনের দলের অনুশীলনে ফেরার কথা। তখন আলভারেসের সঙ্গে সরাসরি আলোচনায় বসা ছাড়া কোচের সামনে আর কোনো সুযোগ থাকবে না। আলভারেস নিজের সিদ্ধান্তে অনড় থাকলে আতলেতিকোর সঙ্গে তাঁর সম্পর্ক আরও জটিল হয়ে উঠতে পারে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ