আওয়ামী লীগ সরকারের প্রেস উইং নিউজ বন্ধে চাপ দিত: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা। তবে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এমন কিছু করছে না।
রবিবার (২২ ডিসেম্বর) দুপুরে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: গণমাধ্যম প্রসঙ্গ’ শীর্ষক এক আলোচনায় তিনি এ মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের জন্য ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত বলেও মন্তব্য শফিকুল আলম।
তিনি বলেন, ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে ন্যূনতম বেতন চালু করা উচিত। ওয়েজ বোর্ড সিস্টেম ত্রুটিপূর্ণ। একটা বেসিক বেতনের নিচে যেন তাকে নিয়োগ না করা যায়। ন্যূনতম বেতনের আইন কঠোরভাবে প্রয়োগ করতে হবে। ন্যূনতম বেতনের বাইরে কেউ নিয়োগ দিলে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হবে।
তিনি আরও বলেন, আন্ডারগ্রাউন্ড পত্রিকাগুলো উন্মোচন করা উচিত। তাদের কারণেই সাংবাদিকরা কম বেতন পাচ্ছে।
সাংবাদিকতা কোনো সস্তা জিনিস নয় উল্লেখ করে শফিকুল আলম বলেন, সংবাদের ক্ষেত্রে কনটেন্ট প্রটেকশন দিতে হবে। যারা অরিজিনাল কনটেন্ট করেন তাদের কপিরাইট প্রটেকশন দিতে হবে।
প্রেস সচিব আরও জানান, সাংবাদিকদের একটি শক্তিশালী ইউনিয়ন লাগবে। ইউনিয়নগুলোকে স্বাধীন করতে সংস্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। পরবর্তী সরকার এটাকে বন্ধ করার পাঁয়তারা করতে পারে। এটার বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে। গণমাধ্যমের বিভিন্ন ব্যর্থতা চিহ্নিত করে তার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে