Views Bangladesh Logo

বাংলাদেশে সেল গঠনের চেষ্টা আল-কায়েদার: জাতিসংঘের প্রতিবেদন

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে ছোট আকারের ইউনিট বা সেল গঠনের চেষ্টা করছে ভারতীয় উপমহাদেশের আল-কায়েদা (একিউআইএস)—এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে। সংগঠনটি আফগানিস্তানে সক্রিয় থেকে নিজেদের কৌশল পরিবর্তন করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বিশ্লেষণাত্মক সহায়তা ও নিষেধাজ্ঞা পর্যবেক্ষণ দলের তৈরি প্রতিবেদনটি গত ১০ আগস্ট প্রকাশিত হয়। এতে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। জাতিসংঘের সদস্য দেশগুলোর দেওয়া তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একিউআইএস বাংলাদেশে ছোট ও বিকেন্দ্রীভূত সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। বড় আকারের সাংগঠনিক কাঠামোর পরিবর্তে সংগঠনটি এখন ছোট ছোট ইউনিটের পাশাপাশি সরবরাহ ও অর্থায়নের নেটওয়ার্ক গড়ে তোলার কৌশল নিয়েছে।

আফগানিস্তানে একিউআইএসের শীর্ষ নেতৃত্ব অবস্থান করছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংগঠনটির নেতৃত্বকে তালেবান পরিচয়পত্র বা ‘তাজকিরা’ দিয়েছে বলে দাবি করা হয়েছে। জাতিসংঘের পর্যবেক্ষক দলের মতে, এ ঘটনা তালেবান ও একিউআইএসের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতামূলক সম্পর্কের ইঙ্গিত দেয়।

প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের হামলা ও উত্তেজনা অব্যাহত থাকায় সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছে জাতিসংঘের পর্যবেক্ষক দল।

এতে ২০২৫ সালের নভেম্বরে দিল্লির লালকেল্লায় হামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। হামলাটি আনুষ্ঠানিকভাবে একিউআইএসের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় একিউআইএস এখনো অন্তর্ভুক্ত নয়। তবে পর্যবেক্ষক দল জানিয়েছে, সংগঠনটি ‘ইত্তিহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামের একটি সংগঠনের ভিত্তি হিসেবে কাজ করছে। ওই সংগঠন পাকিস্তানে একাধিক হামলার সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এর মধ্যে গত ৯ মে বান্নুতে চালানো একটি আত্মঘাতী হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনাও রয়েছে।

জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে একিউআইএসের কর্মকাণ্ড ও সাংগঠনিক বিবর্তন অব্যাহত রয়েছে। দক্ষিণ এশিয়ায় চলমান রাজনৈতিক ও সীমান্ত উত্তেজনার সুযোগ নিয়ে সংগঠনটি আঞ্চলিক পর্যায়ে নিজেদের নেটওয়ার্ক বিস্তারের চেষ্টা করছে বলে প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ