Views Bangladesh Logo

এক দিনেই ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট

 VB  Desk

ভিবি ডেস্ক

নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ প্রযুক্তিই এবার গুগলের মূল বিজ্ঞাপন ব্যবসার জন্য চ্যালেঞ্জ হয়ে উঠেছে। এআইনির্ভর সার্চ ব্যবস্থায় ব্যবহারকারীদের আগ্রহ বাড়লেও প্রচলিত সার্চের তুলনায় সেখানে বিজ্ঞাপন থেকে আয় কম হচ্ছে। এর প্রভাব পড়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারবাজারে। এক দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য কমেছে প্রায় ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলার।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যালফাবেটের শেয়ারের দর ১২ দশমিক ৬৪ শতাংশ কমে যায়। এতে প্রতিষ্ঠানটির শেয়ার ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। গত কয়েক দশকের মধ্যে এক দিনে শেয়ারের দামে এটিই ছিল প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পতন।

অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানিয়েছেন, গুগলের নতুন ‘এআই মোড’ সার্চ ব্যবস্থার ব্যবহার বাড়ায় বিজ্ঞাপন থেকে আয়ের প্রবৃদ্ধিতে প্রভাব পড়ছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা কোনো প্রশ্ন করলে প্রচলিত সার্চ ফলাফলের তালিকার পরিবর্তে কথোপকথনের ধরনে বিস্তারিত উত্তর পান। ফলে সাধারণ সার্চের মতো বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ ও আয় এখনো সমানভাবে তৈরি হয়নি।

তবে এআইনির্ভর সার্চের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শিন্ডলার। তার মতে, এই প্রযুক্তির অগ্রগতি নিয়ে গুগল সন্তুষ্ট। এআই মোডে বিজ্ঞাপন প্রদর্শনের বিভিন্ন পরীক্ষা ইতিবাচক ফল দিয়েছে। ভবিষ্যতে আরও বেশি ব্যবহারকারীর কাছে এই বিজ্ঞাপনব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনে মানুষের তথ্য অনুসন্ধানের অভ্যাসও বদলে যাচ্ছে। প্রচলিত সার্চ ইঞ্জিনের পাশাপাশি এখন অনেক ব্যবহারকারী চ্যাটজিপিটি ও ক্লডের মতো এআইভিত্তিক সেবা ব্যবহার করছেন। এতে অনলাইনে তথ্য খোঁজার ক্ষেত্রে দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ধরে রাখা গুগলের জন্য নতুন প্রতিযোগিতা তৈরি হয়েছে।

গুগলের বিজ্ঞাপন ব্যবসার সাবেক প্রধান কিম স্কট বিবিসির ‘টুডে’ অনুষ্ঠানে বলেন, প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো গুগলের বাজার দখল করার আগেই নিজেদের প্রযুক্তিতে পরিবর্তন আনতে চাইছে প্রতিষ্ঠানটি। তার মতে, এআইয়ের মাধ্যমে পাওয়া সংক্ষিপ্ত উত্তর প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয় কমাতে পারে। কিন্তু এই পরিবর্তন প্রতিযোগীদের হাতে ছেড়ে না দিয়ে গুগল নিজেই নতুন ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দীর্ঘমেয়াদি প্রযুক্তিগত বিনিয়োগের ক্ষেত্রে গুগলের অভিজ্ঞতা রয়েছে। এ ধরনের বিনিয়োগ তাৎক্ষণিকভাবে মুনাফায় নেতিবাচক প্রভাব ফেললেও ভবিষ্যতে বড় সুফল বয়ে আনতে পারে। এআই প্রযুক্তিতেও প্রতিষ্ঠানটি একই কৌশল অনুসরণ করছে।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে তাদের মোট রাজস্ব হয়েছে ১ হাজার ২৭৬০ কোটি ডলার। আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ২৫ শতাংশ। তবে বিশ্লেষকদের পূর্বাভাস অনুযায়ী আয় ও মুনাফার লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি প্রতিষ্ঠানটি। একই সময়ে নিট মুনাফা কমেছে ২৫ শতাংশ।

বিশেষ করে গুগলের সার্চ ও বিজ্ঞাপন খাতের আয় প্রত্যাশার তুলনায় কম হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। তৃতীয় প্রান্তিকে সার্চ বিজ্ঞাপন থেকে আয় বাড়লেও প্রবৃদ্ধির গতি আগের প্রান্তিকের তুলনায় কমেছে। পাশাপাশি এআই অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় এবং নগদ অর্থের প্রবাহ নেতিবাচক হয়ে যাওয়াও বিনিয়োগকারীদের আস্থায় প্রভাব ফেলেছে।

বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারের দরপতনের আগে অ্যালফাবেটের বাজারমূল্য ছিল প্রায় ৩ লাখ ৯৭ হাজার কোটি ডলার। দিনের লেনদেন শেষে তা কমে দাঁড়ায় প্রায় ৩ লাখ ৪৬ হাজার কোটি ডলারে। অর্থাৎ এক দিনেই প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে প্রায় ৫১ হাজার কোটি ডলার উধাও হয়েছে।

গবেষণা প্রতিষ্ঠান ফরেস্টারের প্রধান বিশ্লেষক ট্রেসি উ মনে করেন, গুগলের সার্চ ব্যবসায় প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার ঘটনা প্রতিষ্ঠানটির সামনে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে এআই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগের অর্থ জোগানো, অন্যদিকে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত বিজ্ঞাপন ব্যবসার আয় ধরে রাখা, দুটি বিষয়ই এখন অ্যালফাবেটের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সব মিলিয়ে এআই প্রযুক্তিতে নেতৃত্ব ধরে রাখার দৌড়ে গুগল বড় বিনিয়োগ করলেও সেই প্রযুক্তি থেকে পর্যাপ্ত আয় নিশ্চিত করতে না পারার বিষয়টি এখন বিনিয়োগকারীদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ