৩১ সেকেন্ডেই গোল, জয় দিয়ে আলোনসোর চেলসি অধ্যায়ের শুরু
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে জয়ে শুরু করেছে চেলসি। প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের ম্যাচে সোমবার রাতে পশ্চিম লন্ডনের প্রতিবেশী ফুলহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে তারা।
ম্যাচের শুরুতেই ইতিহাস গড়ে চেলসি। মাত্র ৩১ সেকেন্ডে কোল পালমারের পাস থেকে বল পেয়ে ফুলহ্যামের গোলরক্ষক বের্ন্ড লেনোর মাথার ওপর দিয়ে বল তুলে দেন জোয়াও পেদ্রো। প্রিমিয়ার লিগের উদ্বোধনী রাউন্ডে এটি প্রতিযোগিতাটির ৩৪ বছরের ইতিহাসে দ্রুততম গোল।
২৪ মিনিটে জশ কিংয়ের গোলে সমতায় ফেরে ফুলহ্যাম। তবে বিরতির চার মিনিট আগে আবারও এগিয়ে যায় চেলসি। ম্যাক্সেন্স লাক্রোয়ার কাটব্যাক থেকে গোল করেন ক্লাব রেকর্ড ১১৭ মিলিয়ন পাউন্ডে দলে আসা মর্গান রজার্স।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ায় চেলসি। ৪৯ মিনিটে জোয়াও পেদ্রোর পাস থেকে নিচু শটে গোল করেন কোল পালমার। চোটের কারণে গত মৌসুমে ছন্দ হারানো এই ইংলিশ ফরোয়ার্ডের জন্য গোলটি ছিল ছন্দে ফেরার গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
তবে পাঁচ মিনিট পরই ব্যবধান কমায় ফুলহ্যাম। টিমোথি কাস্তানিয়ের শট ফিরিয়ে দিলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি চেলসির গোলরক্ষক রবার্ট সানচেজ। সেই সুযোগে হেডে গোল করেন রিয়াল মাদ্রিদ থেকে ফুলহ্যামে আসা গনসালো গার্সিয়া। প্রিমিয়ার লিগ অভিষেকেই গোলের দেখা পান তিনি।
শেষ দিকে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ফুলহ্যাম। ৭৮ মিনিটে গোলরক্ষক সানচেজকে সামনে পেয়ে চিপ করে বল বাড়ান অ্যান্টোনি রবিনসন। তবে তার শট অল্পের জন্য বাইরে চলে যায়। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
চেলসির আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজও ম্যাচে আলোচনায় ছিলেন। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি বদলি হিসেবে মাঠে নামার সময় তাকে লক্ষ্য করে দুয়ো দেন ফুলহ্যামের সমর্থকেরা।
চেলসির কোচ হিসেবে এটি ছিল আলোনসোর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। একই ম্যাচে ফুলহ্যামের কোচ হিসেবে প্রিমিয়ার লিগে অভিষেক হয়েছে আলভারো আরবেলোয়ার। দুজনই একসময় লিভারপুল ও স্পেন দলে সতীর্থ ছিলেন। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে আলোনসোর স্থলাভিষিক্ত হয়ে অল্প সময়ের জন্য দায়িত্ব পালন করেছিলেন আরবেলোয়া।
মতামত দিন