‘পুষ্পা’র পর আল্লু অর্জুনের সবচেয়ে বড় চমক ‘রাকা’, মুক্তি নিয়ে যা জানা গেল
দক্ষিণ ভারতীয় সিনেমায় ‘পুষ্পা’ সিরিজ দিয়ে আকাশচুম্বী খ্যাতি পাওয়া অভিনেতা আল্লু অর্জুন এবার হাজির হচ্ছেন তার ক্যারিয়ারের সবচেয়ে বিশাল পরিসরের প্রকল্প নিয়ে। ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমারের সঙ্গে তার এই সিনেমার নাম ‘রাকা’। শুরুতে ছবিটি পরিচিত ছিল ‘এএ২২এক্সএ৬’ ওয়ার্কিং টাইটেলে, তবে চলতি বছরের ৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিনে চূড়ান্ত নাম ও ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়।
ফার্স্টলুক পোস্টারে আল্লু অর্জুনকে দেখা গেছে একেবারে অচেনা রূপে—ক্ষতচিহ্নযুক্ত মুখ ও জ্বলজ্বলে চোখে এক ধরনের হিংস্র, পশুসুলভ আবহ ফুটিয়ে তোলা হয়েছে চরিত্রটিতে। ‘মেক ওয়ে ফর দ্য কিং’ প্রতিপাদ্য নিয়ে প্রকাশিত এই টাইটেল-ঘোষণার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয় ছবিটির প্রচারযাত্রা। পরিচালক অ্যাটলি নিজেই জানিয়েছেন, এটি নিছক কোনো সিনেমা নয়, বরং দীর্ঘ আঠারো বছর ধরে লালন করা এক স্বপ্নের বাস্তবায়ন, যে ভাবনা তাকে গড়ে তুলেছে এবং প্রতিটি পদক্ষেপে সঙ্গী হয়ে থেকেছে।
প্রযোজনা সংস্থা সান পিকচার্সের এই উচ্চাভিলাষী প্রকল্পে আল্লু অর্জুনের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর ও ম্রুনাল ঠাকুর। সংশ্লিষ্টদের মতে, ছবিতে দুটি ভিন্ন সময়কাল ও প্রেক্ষাপটের গল্প একসঙ্গে বোনা হয়েছে—একটি সুদূর অতীতের, অন্যটি বর্তমান সময়ের। এই দুই কালপর্বের সংমিশ্রণেই দাঁড়িয়ে আছে ছবির মূল আখ্যান। এ ছাড়া বলিউড সুপারস্টার শাহরুখ খানের একটি ক্যামিও উপস্থিতিরও গুঞ্জন রয়েছে দীর্ঘদিন ধরে।
‘পুষ্পা ২’-এর মাধ্যমে বিশ্বব্যাপী প্রায় ২১০ মিলিয়ন ডলার আয় করে ইতিহাস গড়া আল্লু অর্জুনের এই নতুন প্রকল্পটি সাজানো হচ্ছে অত্যাধুনিক ভিজ্যুয়াল ইফেক্টনির্ভর মহাযজ্ঞ হিসেবে, যেখানে হলিউডের খ্যাতনামা কারিগরি দল একসঙ্গে কাজ করছে। ছবিটির বাজেট নিয়ে ইন্ডাস্ট্রি সূত্রে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে এটি উপমহাদেশের ইতিহাসে অন্যতম ব্যয়বহুল নির্মাণ হতে চলেছে বলেই ধারণা করা হচ্ছে।
এখনো ছবিটির পুরোদমে শুটিং চলছে। আগের শিডিউলে ধারণকৃত দৃশ্যের ভিজ্যুয়াল ইফেক্ট কাজ সন্তোষজনকভাবে এগোনোর পর আল্লু অর্জুন ও অ্যাটলি এখন পরবর্তী ধাপের কাজে যাচ্ছেন, যেখানে অভিনেতার পরিচিতিমূলক দৃশ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ অংশ ধারণ করা হবে। জানা যাচ্ছে, আল্লু অর্জুন নিজেই পরিচালক অ্যাটলি ও পুরো টিমকে অনুরোধ করেছেন যেন চলতি বছরের ডিসেম্বরের মধ্যে পুরো শুটিং শেষ করা হয়, কারণ এরপর তিনি পরিচালক লোকেশ কানাগরাজের সঙ্গে নতুন একটি প্রকল্পের কাজ শুরু করতে চান।
ছবিটির নির্দিষ্ট মুক্তির তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। শুটিং শেষে ছবিটি দীর্ঘ ও জটিল পোস্ট-প্রোডাকশন পর্বে যাবে বলে ধারণা করা হচ্ছে, আর ডিজিটাল স্বত্বসহ কিছু ব্যবসায়িক বিষয়ও এখনো চূড়ান্ত হয়নি নির্মাতাদের পক্ষ থেকে। কিছু প্রতিবেদনে চলতি বছরের ডিসেম্বরে মুক্তির কথা বলা হলেও, সাম্প্রতিক সূত্রগুলো ইঙ্গিত দিচ্ছে যে ছবিটি বাস্তবে মুক্তি পেতে পেতে ২০২৭ সাল গড়িয়ে যেতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে দর্শকদের।
মতামত দিন