Views Bangladesh Logo

ইউপি চেয়ারম্যান-মেম্বারদের ভাতা বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভাতা সম্মানজনক পর্যায়ে উন্নীত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। পাশাপাশি জনপ্রতিনিধিদের কল্যাণে ট্রাস্ট ও তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হবে।

বুধবার (২২ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের আয়োজিত ‘স্থানীয় সরকার শক্তিশালী করে নতুন বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল জনপ্রতিনিধি ইউপি চেয়ারম্যান-মেম্বারদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, একটি দেশের গণতন্ত্র ও রাষ্ট্রব্যবস্থা তখনই প্রকৃত অর্থে শক্তিশালী হয়, যখন স্থানীয় সরকার ব্যবস্থা কার্যকর ও ক্ষমতাবান হয়। তৃণমূলের জনপ্রতিনিধিদের ক্ষমতায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং গণতন্ত্রের ভিত্তিকে আরও সুদৃঢ় করা সম্ভব।

তিনি বলেন, উন্নত দেশগুলোতে স্থানীয় সরকার প্রশাসন, বিচার, স্বাস্থ্যসেবা ও জনসেবার মূল ভিত্তি হলেও বাংলাদেশে স্বাধীনতার পরও এ ব্যবস্থাকে কাঙ্ক্ষিত পর্যায়ে শক্তিশালী করা সম্ভব হয়নি। এখন স্থানীয় সরকারকে প্রকৃত অর্থে ক্ষমতায়নের সময় এসেছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরাই জনগণের সবচেয়ে কাছের প্রতিনিধি। স্থানীয় মানুষের সমস্যা, চাহিদা ও সম্ভাবনা সম্পর্কে তাদের মতো আর কেউ এতটা অবগত নন। তাই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে আরও কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, সরকার স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে বদ্ধপরিকর। ইউনিয়ন পরিষদসহ আগামী সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটেই জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. পয়গাম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ