Views Bangladesh Logo

অ্যালেনের রেকর্ড গড়ার ম্যাচে পাকিস্তানের সিরিজ হার

 VB  Desk

ভিবি ডেস্ক

অ্যালেন ঝড়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হারল পাকিস্তান। শেষ ম্যাচে সফরকারীদের ৪৫ রানে হারায় নিউজিল্যান্ড। আর এ ম্যাচের মধ্য দিয়ে টি-টুয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডও গড়েন এই কিউই ওপেনার।

বুধবার (১৭ জানুয়ারি) ডানেডিনে টসে হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। এদিন ফিন অ্যালেন বাদে কোনো কিউই ব্যাটারই পাকিস্তানি বোলারদের তুলাধোনা করতে পারেনি। কারণ নিউজিল্যান্ডের ৭ উইকেটে ২২৪ রানের পাহাড়সমান স্কোরের ৬১.১৬ শতাংশ রান একাই করেন অ্যালেন। যেখানে তার ব্যাট থেকে আসে ১৩৭ রান। আর বাকিরা মিলে তোলেন ৭৪ রান।

এই ম্যাচে ফিন অ্যালেন ৬২ বলে ১৩৭ রানের টর্নেডো ইনিংস খেলেন। যার মধ্যে রয়েছে ৫টি চার ও ১৬টি ছক্কা। এর আগে ২০১৯ সালে দেরাদুনে টি-টুয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬২ রানের ইনিংস খেলার পথে ১৬ ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন আফগানিস্তানের হজরতউল্লাহ জাজাই।

অ্যালেন ছাড়া দুই অঙ্কের ঘরে পৌঁছান টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপস। সেইফার্ট ৩২ ও ফিলিপ্স ১৯ রান করেন। অন্যদিকে পাকিস্তানের পক্ষে হারিস রউফ ২ উইকেট পেলেও ছিলেন সবচেয়ে খরুচে বোলার। তার করা চার ওভারেই আসে ৬০ রান।

জবাবে ব্যাট করতে নেমে রানের গতিকে সচল রাখার চেষ্টা করলেও একের পর এক উইকেট হারাতে থাকে পাকিস্তান। এর ফলে বড় স্কোর তাড়ায় তা যথেষ্ট প্রমাণে ব্যর্থ হয় সফরকারীরা। দুই ওপেনার সাইম আইয়ুব ১০ ও মোহাম্মদ রিজওয়ান ২৮ রান করে ড্রেসিংরুমে ফেরেন। ফখর জামান ১৯ রানের বেশি করতে পারেননি। তবে তিনে নামা সাবেক অধিনায়ক বাবর আজম পান ফিফটি। ৩৭ বলে ৮ চার ও এক ছক্কায় ৫৮ রান করে ইশ সোধির বলে গ্লেন ফিলিপসের তালুবন্দি হন।

অতিথি দল ১৩৪ রানে ৬ উইকেট হারানোর পর বড় ব্যবধানে হারের মুখে পড়ে। শেষ দিকে মোহাম্মদ নেওয়াজের ১৫ বলে ২৮ ও অধিনায়ক শাহিন শাহ আফ্রিদির ১০ বলে ১৬ রানের ইনিংসে স্কোর আরেকটু বড় হয়। তারা দুজন মিলে ৪০ রানের জুটি বাঁধেন। যা পাকিস্তানের টি-টোয়েন্টিতে সপ্তম উইকেতে সর্বোচ্চ রানের জুটি।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১৭৯ রান তোলে পাকিস্তান। নিউজিল্যান্ডের পক্ষে ২টি উইকেট নেন টিম সাউদি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ