মোংলায় মিরাজ শেখকে গুমের অভিযোগ, নিরপেক্ষ তদন্ত দাবি আসকের
বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনির ঘোল এলাকার বাসিন্দা মিরাজ শেখকে গুমের অভিযোগে কোস্টগার্ডের বিরুদ্ধে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। সংগঠনটি প্রাথমিক তথ্যানুসন্ধানের ভিত্তিতে এ দাবি জানায়।
আসকের তথ্যমতে, গত ১০ এপ্রিল সন্ধ্যায় কোস্টগার্ড সদস্য পরিচয়ে আসা কয়েকজন ব্যক্তি জয়মনির ঘোল এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে মিরাজ শেখকে জোরপূর্বক তুলে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরে তাকে একটি কোস্টগার্ডের স্পিডবোটে তোলা হয়। মিরাজের স্ত্রীও দাবি করেছেন, তিনি হারবারিয়া কোস্টগার্ড স্টেশনে স্বামীকে সদস্যদের হেফাজতে দেখেছিলেন।
ঘটনার পর মিরাজ শেখ নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় হাইকোর্ট তাকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও অভিযোগটি তদন্তের আহ্বান জানিয়েছে।
আসক জানায়, গত ১৬ ও ১৭ মে সংগঠনটির প্রতিনিধিরা সরেজমিনে গিয়ে মিরাজের পরিবার, প্রত্যক্ষদর্শী, স্থানীয় সাংবাদিক, পুলিশ ও কোস্টগার্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তদন্তে উঠে আসে, মিরাজকে তুলে নেওয়ার সময় তার মোটরসাইকেল স্থানীয় এক দোকানদারের জিম্মায় রেখে যাওয়া হয়। পরে গভীর রাতে কোস্টগার্ড সদস্য পরিচয়ে আসা দুজন ব্যক্তি সেটি নিয়ে যান বলেও অভিযোগ রয়েছে।
অন্যদিকে দিগরাজ কোস্টগার্ড বেজের লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন মিরাজকে আটক বা তুলে নেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তার দাবি, এলাকাটি আগে দুষ্কৃতকারীদের ঘাঁটি ছিল এবং কোস্টগার্ডের অভিযানে অবৈধ কর্মকাণ্ড বন্ধ হওয়ায় একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ অভিযোগ তুলছে।
মিরাজের পরিবারের অভিযোগ, ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলেও কোস্টগার্ডের নাম উল্লেখ করতে দেওয়া হয়নি। পরে তাকে বাড়ি থেকে নিখোঁজ হয়েছেন উল্লেখ করে জিডি গ্রহণ করা হয়।
আসকের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ব্যক্তিকে হেফাজতে নেওয়ার পর তার অবস্থান অস্বীকার করা, পরিবারকে তথ্য না দেওয়া এবং আইনানুগ সময়ের মধ্যে আদালতে হাজির না করা সংবিধান ও আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী।
সংগঠনটি অবিলম্বে মিরাজ শেখের অবস্থান নিশ্চিত করা, পরিবারের কাছে প্রকৃত তথ্য প্রকাশ, বিচার বিভাগীয় তদন্ত এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
মতামত দিন