Views Bangladesh Logo

লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন সাঁইয়ের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে মাজার এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

পরে রাত ৮টার দিকে পুলিশ ও স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় নাসীরুদ্দীন পাটওয়ারী মাজার প্রাঙ্গণ থেকে বের হয়ে যান। এরপর হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা করতে তিনি কুমারখালী থানার দিকে রওনা হন বলে দলীয় সূত্র জানিয়েছে।

এনসিপি সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে রোববার কুষ্টিয়ায় যান নাসীরুদ্দীন পাটওয়ারী। বিকেলে তিনি কুমারখালীর শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি পরিদর্শন করেন। পরে সন্ধ্যায় ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়িতে যান। সেখানে মাজার পরিদর্শনের পর স্থানীয় শিল্পীদের গান শুনছিলেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন। এ সময়ই তাঁর ওপর হামলা ও গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

এনসিপির একটি সূত্র ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, কুষ্টিয়া পৌর ছাত্রদলের সদস্য সংগ্রাম নামের এক ব্যক্তির নেতৃত্বে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রাব্বি অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রদল মব বা সংঘবদ্ধ হামলার রাজনীতিতে বিশ্বাস করে না। তাঁর ভাষ্য, কোনো নেতা বা কর্মী এ ঘটনায় জড়িত থাকলে এর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তিকেই নিতে হবে।

ঘটনার সময় এনসিপির কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস টনিসহ স্থানীয় নেতাকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে ছিলেন বলে দলীয় সূত্র জানিয়েছে। হামলার পর তিনি কিছু সময় মাজার প্রাঙ্গণেই অবস্থান করেন।

এদিকে এনসিপির যুগ্ম সদস্যসচিব তারেক রেজা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘটনার জন্য বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছেন। তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে কয়েকজন ব্যক্তিকে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তাঁর সঙ্গে থাকা নেতাকর্মীদের ‘ধর, ধর’ বলে তাড়া করতে দেখা যায়। তবে ভিডিওটির সত্যতা এবং এতে থাকা ব্যক্তিদের পরিচয় স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন মাজারে এসেছেন এবং তাঁর সঙ্গে কোনো একটি ঘটনা ঘটেছে বলে তিনি শুনেছেন।

ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি। এদিকে স্থানীয় গণমাধ্যমকর্মীরা নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য জানতে চেষ্টা করলেও তিনি হামলার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ