Views Bangladesh Logo

ময়মনসিংহে ছেলেকে বেঁধে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, টাকা-স্বর্ণালংকার লুট

ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘরে ঢুকে স্কুলপড়ুয়া ছেলেকে অস্ত্রের ভয় দেখিয়ে বেঁধে রেখে তার মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেওয়ারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় রাজিব নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ কালীবাড়িচর গ্রামের এক সৌদি প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।

অভিযোগ অনুযায়ী, ওই রাতে শরিফ, আরিফ, রাজিব, ফাহিম ও এনামুল নামে পাঁচ যুবক বাড়িটিতে যায়। খাবার ও পানি দেওয়ার কথা বলে তারা গৃহবধূর স্কুলপড়ুয়া ছেলেকে ঘর থেকে বাইরে ডেকে আনে। বাইরে আসার পর অস্ত্রের ভয় দেখিয়ে তাকে বেঁধে ফেলা হয়। পরে তাকে বসতঘরের মধ্যে বেঁধে রেখে শরিফ ও আরিফ পালাক্রমে গৃহবধূকে ধর্ষণ করে। শরিফ ও আরিফ সম্পর্কে দুই ভাই। এ সময় রাজিব ওই ঘটনার ভিডিও ধারণ করে।

ধর্ষণের পর অভিযুক্তরা ঘরে থাকা নগদ পাঁচ লাখ টাকা, একটি সোনার চেইন ও দুই জোড়া কানের দুল নিয়ে যায়। যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযানে নামে। শুক্রবার সকালে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে চরকালীবাড়ি গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের ঘেরাও করা হয়। এ সময় চারজন পালিয়ে গেলেও রাজিবকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ধর্ষণের ভিডিও ধারণে ব্যবহৃত মোবাইল ফোনটি রাজিব পানিতে ফেলে দিয়েছিল। পরে পুলিশ সেটি উদ্ধার করে।

ভুক্তভোগী নারী বাদী হয়ে পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় অভিযোগ করেছেন। তার দেবর এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ