Views Bangladesh Logo

ফরিদপুরে প্রবাসীকে মারধর, পাসপোর্টসহ ২ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় রমিজ শেখ শান্ত নামে এক প্রবাসী যুবককে মারধর করে তার পাসপোর্ট, প্রয়োজনীয় কাগজপত্র ও দুই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই এলাকার কামাল শেখ ও তার দুই ছেলেসহ চারজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

সোমবার বিকেলে উপজেলার টগরবন্দ ইউনিয়নের কুমুরতিয়া খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। মারধরে আহত শান্তকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানায় দেওয়া লিখিত অভিযোগ ও ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, কুমুরতিয়া গ্রামের নূর আলমের ছেলে রমিজ শেখ শান্ত সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সোমবার বিকেলে ভিসার কাজের জন্য ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। এ সময় তার ব্যাগে দুই লাখ টাকা, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল।

অভিযোগে বলা হয়, শান্ত কুমুরতিয়া খেয়াঘাটে পৌঁছালে একই গ্রামের কামাল শেখ ও তার দুই ছেলেসহ কয়েকজন তার ওপর হামলা করেন। তারা তাকে মারধর করে ব্যাগে থাকা দুই লাখ টাকা, পাসপোর্ট ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ করেছেন শান্ত।

এ সময় শান্ত চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। অভিযোগ, লোকজন এগিয়ে এলে হামলাকারীরা শান্তকে হত্যার হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

শান্তর পরিবারের সঙ্গে কামাল শেখের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কামাল শেখ। তিনি বলেন, আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। শুনেছি, আমার দুই ছেলের সঙ্গে শান্তর হাতাহাতি হয়েছে।

তবে শান্তর কাছ থেকে টাকা, পাসপোর্ট বা প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন তিনি।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযোগটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ