Views Bangladesh Logo

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ

স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে গত ৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর একটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুহী স্বাক্ষরিত এ নির্দেশনায় বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে অধিদপ্তরের আওতাধীন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যাসংখ্যা সীমিত হওয়ায় রোগীদের চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির মুখে পড়তে হয়। শয্যাসংখ্যা বাড়ানো হলে উপজেলা পর্যায়েই অধিক সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন, ফলে জেলা হাসপাতালের ওপর চাপও কমবে।

এই সিদ্ধান্ত বাস্তবায়নের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত পরিদর্শন দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো পরিদর্শন করবে। পরিদর্শনের সময় অবকাঠামোগত সক্ষমতা, বিদ্যমান ভবন, সম্প্রসারণের সুযোগ, প্রয়োজনীয় সংস্কার এবং অতিরিক্ত শয্যা স্থাপনের সম্ভাব্যতা যাচাই করা হবে।

নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের পরিদর্শন কার্যক্রমে পূর্ণ সহযোগিতা করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য, নথিপত্র ও স্থানীয় পর্যায়ের প্রস্তুতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, স্বাস্থ্য কমপ্লেক্সগুলো ১০১ শয্যায় উন্নীত হলে মাতৃস্বাস্থ্য, শিশুসেবা, জরুরি চিকিৎসা, মেডিসিন, সার্জারিসহ বিভিন্ন বিশেষায়িত সেবার পরিধি বাড়বে। একই সঙ্গে রোগীদের জেলা বা বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নেওয়ার প্রয়োজনও অনেকাংশে কমে আসবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ