Views Bangladesh Logo

বিদ্যুৎ সাশ্রয়ে সোমবার থেকে সব বিশ্ববিদ্যালয় বন্ধের নির্দেশ

শিক্ষা মন্ত্রণালয় বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার (৯ মার্চ) থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় বলা হয়, বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে পবিত্র রমজান উপলক্ষে আগামী ৯ মার্চ থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে নির্ধারিত তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—দিনের বেলা প্রাকৃতিক আলো ব্যবহার করে বৈদ্যুতিক বাতি পরিহার করা, প্রয়োজনের অতিরিক্ত লাইট ও ফ্যান বন্ধ রাখা এবং এয়ার কন্ডিশনার ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রায় ব্যবহার করা।

এ ছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ করা, বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহারের নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাশাপাশি যানবাহনের ব্যবহার সীমিত রাখার কথাও বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় সব বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ