Views Bangladesh Logo

সারাদেশের বেসরকারি দাখিল-আলিম মাদরাসার সব অ্যাডহক কমিটি বিলুপ্ত

সারাদেশের বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান সব অ্যাডহক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একইসঙ্গে সংশোধিত বিধিমালা অনুসরণ করে ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে ১৫ কর্মদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে বোর্ড।

রোববার (২ আগস্ট) বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে জারি করা নির্দেশনার আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। "বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদরাসার ব্যবস্থাপনা কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা, ২০২৫"-এর ৬৪ নম্বর প্রবিধান অনুযায়ী মেয়াদোত্তীর্ণ কমিটিসহ সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বিলুপ্তির ঘোষণা দেয় বোর্ড।

সংশোধিত বিধিমালার (এসআরও নম্বর ৮৯-আইন/২০২৬) আলোকে নতুন অ্যাডহক কমিটি গঠনের পদ্ধতি ও শর্তাবলিও প্রজ্ঞাপনে উল্লেখ করেছে বোর্ড।

নির্দেশনা অনুযায়ী, প্রতিষ্ঠান প্রধান (অধ্যক্ষ বা সুপার) স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে নতুন অ্যাডহক কমিটির সভাপতি পদে তিন সদস্যের একটি প্যানেল প্রস্তাব করবেন। শিক্ষানুরাগী, স্বনামধন্য সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা নবম গ্রেড বা তদূর্ধ্ব পদের কর্মরত বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে এই প্যানেল তৈরি করতে হবে। এই প্রস্তাবসহ অন্যান্য সদস্যের মনোনয়নও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

সিটি করপোরেশন এলাকার দাখিল ও আলিম মাদরাসার ক্ষেত্রে ভিন্ন বিধান প্রযোজ্য হবে। এসব প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির প্রস্তাব সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

মাদরাসা শিক্ষা বোর্ড জানিয়েছে, সারাদেশের বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার অধ্যক্ষ, সুপার, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে জরুরি ভিত্তিতে এই নির্দেশনা পাঠানো হয়েছে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ