মৎস্যজীবীদের জন্য সব উন্মুক্ত জলাশয় উন্মুক্ত রাখা হয়েছে: মৎস্য প্রতিমন্ত্রী
হাওরাঞ্চলের প্রকৃত মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ সহজ করতে দেশের সব উন্মুক্ত জলাশয় তাদের জন্য উন্মুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে অকাল বন্যা ও জলাবদ্ধতা থেকে বোরো ফসল রক্ষায় নদী ও খাল খনন কর্মসূচি আরও জোরদার করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার সকালে নেত্রকোনা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমান সরকারের নীতি হলো—‘জাল যার, জল তার’। এই নীতির আলোকে প্রকৃত মৎস্যজীবীদের স্বার্থ রক্ষায় দেশের উন্মুক্ত জলাশয়গুলো ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে ইজারা প্রথার কারণে প্রভাবশালী ব্যক্তিরা হাওর ও জলাশয় নিয়ন্ত্রণ করে সাধারণ মৎস্যজীবীদের মাছ ধরতে বাধা দিতেন। সরকার আইনগত ব্যবস্থা নিয়ে সেই প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে, যাতে প্রকৃত মৎস্যজীবীরা নির্বিঘ্নে জলাশয়ে মাছ আহরণ করে জীবিকা নির্বাহ করতে পারেন।
তিনি আরও বলেন, নদী ও খালের নাব্যতা রক্ষা, জলাবদ্ধতা কমানো এবং জলাশয়গুলোকে মাছ চাষের উপযোগী রাখতে খনন কার্যক্রম চলমান রয়েছে। এসব উদ্যোগের মাধ্যমে কৃষি ও মৎস্য—উভয় খাতই উপকৃত হবে।
সার্কিট হাউসে ব্রিফিং শেষে প্রতিমন্ত্রী জেলার মদন, খালিয়াজুরী, সদর ও মোহনগঞ্জ উপজেলায় সরকারি সফরে যান। সফরকালে তিনি বিভিন্ন স্থানে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি ও পথসভায় অংশ নেন।
মতামত দিন