টানা বৃষ্টিতে চট্টগ্রামে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল
টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রাম জেলা প্রশাসনের অধীন সব কর্মকর্তা-কর্মচারীর সাপ্তাহিক ছুটিসহ সব ধরনের ছুটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ ঘোষণা দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি জানান, টানা পাঁচ দিনের ভারী বৃষ্টিতে গত চার দশকের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের মুখোমুখি হয়েছে চট্টগ্রাম। পাহাড়ি ঢল ও জলাবদ্ধতায় জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
জেলা প্রশাসক বলেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া উপজেলা, যেখানে প্রায় ৭০ শতাংশ এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এছাড়া চন্দনাইশ, লোহাগাড়া, বাঁশখালী ও বোয়ালখালী উপজেলার বিস্তীর্ণ এলাকাও প্লাবিত হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় জেলার প্রতিটি উপজেলা ও জেলা প্রশাসকের কার্যালয়ে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এসব কেন্দ্র থেকে উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
জেলা প্রশাসক বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের জীবন রক্ষা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থান না করে দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
তিনি আরও জানান, পরিস্থিতির হালনাগাদ তথ্য নিয়মিতভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হচ্ছে এবং সেখান থেকে প্রয়োজনীয় নির্দেশনা পাওয়া যাচ্ছে।
ত্রাণ সহায়তার বিষয়ে জেলা প্রশাসক জানান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ২০০ মেট্রিক টন চাল ও ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর তহবিল থেকে আরও ২০ লাখ টাকা সহায়তা পাওয়া গেছে।
মতামত দিন