জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কমিশনের সদস্য ড. নাবিলা ইদ্রিস গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। পদত্যাগের পর সদস্যরা একটি খোলাচিঠিও পাঠিয়েছেন।
এর আগে গত ৯ এপ্রিল জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালের আগের আইন পুনর্বহাল করা হয়, যা রাষ্ট্রপতির অনুমোদন ও গেজেট প্রকাশের পর কার্যকর হবে।
বিদায়ী কমিশনের সদস্য নূর খান বলেন, সরকারের পক্ষ থেকে সরাসরি পদত্যাগের নির্দেশনা না এলেও পরিস্থিতির কারণে তারা পদত্যাগ করাকে যুক্তিযুক্ত মনে করেছেন।
অন্যদিকে কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী জানান, অধ্যাদেশ বাতিল হওয়ায় আগের কাঠামো অনুযায়ী কমিশন আর কার্যকর নেই। তবে সদস্যদের খোলাচিঠি তিনি এখনও দেখেননি।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে