Views Bangladesh Logo

স্থানীয় সরকার নির্বাচনের ২৫ দিন আগেই চূড়ান্ত হবে সব ভোটকেন্দ্রের তালিকা

সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনের ভোটকেন্দ্রের তালিকা ভোটগ্রহণের অন্তত ২৫ দিন আগে চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১১ জুলাই) ‘স্থানীয় সরকার নির্বাচন ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫’ সংশোধন করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগে জেলা পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনের ক্ষেত্রে ভোটকেন্দ্রের তালিকা ভোটের ১৫ দিন আগে চূড়ান্ত করার বিধান ছিল। সংশোধিত নীতিমালায় সেই সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে।

ইসি জানিয়েছে, এ পরিবর্তনের ফলে জেলা ও উপজেলা পরিষদ নির্বাচনও সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের মতো একই নিয়মের আওতায় এলো, যেখানে আগে থেকেই ভোটের ২৫ দিন আগে কেন্দ্রের তালিকা চূড়ান্ত করার বিধান ছিল।

সংশোধিত নীতিমালায় আরও বলা হয়েছে, সব স্থানীয় সরকার নির্বাচনে প্রতি ৬০০ জন পুরুষ ভোটারের জন্য একটি এবং প্রতি ৫০০ জন নারী ভোটারের জন্য একটি ভোটকক্ষ (বুথ) স্থাপন করতে হবে।

নির্বাচন কমিশন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এ লক্ষ্যে আগস্টের মাঝামাঝি নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে স্থানীয় সরকার এলাকার সীমানা নির্ধারণের কাজ দ্রুত শেষ করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোকে ইতোমধ্যে চিঠি দিয়েছে ইসি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ