Views Bangladesh Logo

চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

দেশের সব স্থানীয় সরকার নির্বাচন চলতি অর্থবছরের মধ্যেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন পরিচালনার জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে আলোচনার জন্য নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। বৈঠকের পরই নির্বাচনের তফসিল, তারিখ ইসি নির্ধারণ করবে। ইসির সঙ্গে আলোচনার পর মন্ত্রণালয় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ব্রিফ করবে।

আজকের বৈঠকের প্রধান বিষয়বস্তু তুলে ধরে মীর শাহে আলম বলেন, রাজধানী ঢাকার পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক বাংলাদেশকে সহযোগিতা করবে। বিশেষ করে সায়েদাবাদ পানি পরিশোধনাগার প্রকল্পের তৃতীয় ফেজের কাজ শেষ করতে ডেনমার্ক সহায়তা করবে।

প্রতিমন্ত্রী আরও  বলেন, এই ধাপে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পানি শোধনাগারে সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা করবে দেশটি। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর চাপ পড়বে না।

এই প্রকল্প বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি পরিশোধন সম্ভব হবে। এছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক আরও ১০০ কোটি টাকা অনুদান দেবে বলে জানান তিনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ