প্রবাসীদের হয়রানি বন্ধসহ সকল সমস্যার সমাধান করা হবে: আরিফুল হক চৌধুরী
বিমানবন্দরে হয়রানি বন্ধসহ প্রবাসীদের সকল সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা থেকে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর উপস্থিত সাংবাদিকদের একথা বলেন আরিফুল হক।
সিলেট-৪ আসন থেকে প্রথমবারের মত সংসদ সমস্য নির্বাচিত আরিফুল হক নতুন সরকারের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহণের পর এদিন প্রথম নিজের জেলায় আসেন।
এ সময় আরিফুল হক বলেন, বিদেশগমনেচ্ছুদের যেন ভ্রমণের ক্ষেত্রে কোনো ধরনের প্রতারণার শিকার হতে না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি রাখা হবে। সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
পাশাপাশি সবার সহযোগিতায় দেশকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, কারো প্রতি বৈরি মনোভাব নয়, সবাইক সঙ্গে নিয়ে এই দেশটাকে এগিয়ে নিয়ে যাব। প্রবাসীদের সমস্যা সমাধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
সিলেটের উন্নয়নের বিষয়ে পরিকল্পনার কথা তুলে ধরে আরিফুল হক বলেন, আমি আসার সময় ঢাকার (হযরত শাহজালাল) বিমানবন্দরে সেবা সেন্টারগুলো দেখেছি। সেটা আমাদের প্রবাসী অধ্যুষিত সিলেটে নেই। ইনশাআল্লাহ প্রবাসীদের প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে সবাইকে নিয়ে কাজ করব।
এখন থেকেই নিজ এলাকার উন্নয়নে কাজ শুরু করতে হবে জানিয়ে তিনি বলেন, আমার হাতে অনেক কাজ। কিন্তু সময় বেশি নেই। পাঁচ বছর সময় দেখতে দেখতেই চলে যাবে। তাই এখন থেকই আমাকে কাজ শুরু করতে হবে।
আরিফুল হক বলেন, আমার নির্বাচনী এলাকার জনগন আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। সেই রায়ের প্রতি সম্মান রেখে আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মন্ত্রীসভায় ঠাঁই দিয়েছেন। এটি সিলেটের জনগনের জন্য উপহার।
তিনি বলেন, আজ প্রথম রোজায় সিলেট এসেছি। আজ হযরত শাহজালাল (র.) ও শাহপরান রে.) এর মাজার জিয়ারত করে আজ পুরোটা দিন আমি আমার মায়ের সাথে কাটাবো। কাল আমার নির্বাচনী এলাকায় যাবো।
চারদিনের সফরে সিলেট আসার পর বিমানন্দরে প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আরিফুল হক চৌধুরীকে স্বাগত জানান।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরী সরাসরি সিলেট সার্কিট হাউজে আসলে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
এছাড়া পুলিশের একটি দল তাকে সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান করে।
আগামী রোববার পর্যন্ত মন্ত্রী আরিফুল হক সরকারি এই সফরে সিলেট ও মৌলভীবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে