Views Bangladesh Logo

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সংস্থাটি। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ রুটে ফ্লাইট পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে যাত্রীদের জানানো হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানিয়েছে, জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের সুবিধার্থে মদিনা রুটে বেশি যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসব রুটে ফ্লাইট পরিচালনা ও সময়সূচি সম্পর্কে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ