Views Bangladesh Logo

নাছিমা কাদির মোল্লা হাইস্কুলের ৩৮২ পরীক্ষার্থীর সবাই পেল জিপিএ–৫

সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এসএসসিতে এবারও চমক জাগানো ফল করেছে নরসিংদীর নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস। এবার প্রতিষ্ঠানটি থেকে ৩৮২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ–৫ পেয়েছে সবাই।

আজ সোমবার সকাল ১০টায় ফলাফল প্রকাশের পরপরই নেচেগেয়ে আনন্দে মেতে ওঠে প্রতিষ্ঠানের পরীক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি আনন্দে মাতেন শিক্ষক ও অভিভাবকেরা। অভিভাবকেরা নিয়ে আসেন মিষ্টির প্যাকেট। এ সময় একজন অন্যজনকে জড়িয়ে উল্লাসে মাততে দেখা যায়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমন হোসেন বলেন, সারা দেশের সার্বিক ফলাফল বিশ্লেষণ করার পর দেখা যাচ্ছে, প্রতিষ্ঠানটি দেশসেরা অবস্থানে রয়েছে। চেয়ারম্যানের উদ্ভাবনী চিন্তাভাবনা ও সময়োপযোগী দিকনির্দেশনাকে তিনি ভালো ফলের মূল কারণ হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের ঘনিষ্ঠ যোগাযোগ এবং কঠোর পরিশ্রমের কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, প্রতিষ্ঠানের শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, সঠিক দিকনির্দেশনা, নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, গাইড শিক্ষকের মাধ্যমে নিয়মিত হোম ভিজিট, টিউটোরিয়াল ও মাসিক পরীক্ষার কারণেই এই ভালো ফল সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমস ২০০৮ সালে প্রতিষ্ঠার পর থেকেই পিইসি, জেএসসি ও এসএসসিতে ভালো ফল করে আসছে। এবার বিজ্ঞান বিভাগ থেকে ৩৭৬ এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৬ পরীক্ষার্থী অংশ নেয়। সবাই জিপিএ–৫ পেয়েছে।

নাছিমা কাদির মোল্লা হাইস্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা বলেন, নরসিংদীর মতো মফস্‌সল শহরে মানসম্মত শিক্ষা প্রদানের অঙ্গীকার নিয়েই তিনি ও তাঁর স্ত্রী নাসিমা বেগম প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁদের লক্ষ্য ছিল সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করা।

গত বছরও ৩২০ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিএ–৫ পেয়েছিল। এর আগে ২০২৪ সালে ২৯৪ জনের মধ্যে ২৯৩ জন, ২০২৩ সালে ২৭৮ জনের মধ্যে ২৭০ জন, ২০২২ সালে ২৬৬ জনের মধ্যে ২৬৬ জন, ২০২১ সালে ২৪৭ জনের মধ্যে ২৩৭ জন, ২০২০ সালে ২১৪ জনের মধ্যে ২০০ জন, ২০১৯ সালে ১৭১ জনের মধ্যে ১৬৮ জন, ২০১৮ সালে ১৩৯ জনের মধ্যে ১৩৭ জন এবং ২০১৭ সালে ১৬৪ জনের মধ্যে ১৬৪ জন জিপিএ–৫ অর্জন করে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ