কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশে ও বিদেশে সবকিছুর লাইসেন্স ব্যবস্থা আছে। কিন্তু ব্যাঙের ছাতার মতো কোচিং সেন্টার যেন অকারণে খোলা না হয়, তা আমরা নিশ্চিত করতে চাই। এগুলো আইনের আওতায় আনা হবে এবং ধাপে ধাপে সব নিয়ন্ত্রণ করা হবে।
তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী কোন বিষয়ে দুর্বল, তা চিহ্নিত করে শিক্ষকদের ব্যবস্থা নিতে হবে। এভাবে কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে।
শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কুমিল্লা অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের কর্মকর্তা, কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী আমাকে শিক্ষায় দায়িত্ব দিয়েছেন। আমরা অনেক কাজ করেছি। আমাদের স্বপ্ন একটি, তা হলো শিক্ষার মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তোলা। শিক্ষা মন্ত্রণালয় অন্যান্য মন্ত্রণালয়ের মতো নয়। এখানে যারা কাজ করছেন, তারা সকলেই সদকায়ে জারিয়াহ পাবেন।
শিক্ষামন্ত্রী অতীতের শিক্ষাক্ষেত্রে নকল বিষয়ক অভিজ্ঞতাও তুলে ধরেন। তিনি বলেন, ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত কিছু শিক্ষক নকলকে সহায়তা করেছিলেন। ২০০১ থেকে ২০০৬ সালে আমি নকলের বিরুদ্ধে সংগ্রাম করেছি। এরপর আমরা কিছুটা সরে এসেছি, আর এখন আবার সেই একই অবস্থা দেখা যাচ্ছে। এবার আমরা নকল চাই না এবং সকলকে সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে