Views Bangladesh Logo

জুনের মধ্যেই ব্যারাকে ফিরবে সেনাবাহিনী

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার প্রেক্ষাপটে মাঠপর্যায় থেকে সেনাবাহিনীকে চূড়ান্তভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যেই দেশের বিভিন্ন এলাকায় মোতায়েন থাকা সব সেনাসদস্য নিজ নিজ ব্যারাকে ফিরে যাবেন।

বুধবার আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে, আগামী ৬ জুন থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার শুরু হবে। প্রথমে দূরবর্তী জেলা, পরে বিভাগীয় শহর ও বড় জেলা থেকে সেনাসদস্যদের সরিয়ে নেওয়া হবে।

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংস পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরবর্তীতে ৫ আগস্ট সরকার পতনের পর পুলিশ বাহিনী দুর্বল হয়ে পড়লে সেনাসদস্যরা মাঠেই দায়িত্ব পালন করে আসছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার একই বছরের ১৭ সেপ্টেম্বর তাদের বিচারিক ক্ষমতাও দেয়।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর থেকেই সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর বিষয়টি আলোচনায় আসে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমানে সারা দেশে প্রায় ১৭ হাজার সেনাসদস্য দায়িত্ব পালন করছেন, যাদের দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে বিশ্রামের প্রয়োজন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় সেনা প্রত্যাহারের পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, মাদকবিরোধী অভিযান, পুলিশের পোশাক পরিবর্তনসহ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দল–মত নির্বিশেষে ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ সরকারের সময় ইস্যু করা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিলের বিষয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকদের জন্য গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জুলাই–পরবর্তী সময়ে গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের বিষয়েও আলোচনা হয় বৈঠকে। গুরুতর অপরাধে জড়িত নন—এমন সাংবাদিকদের জামিনে বাধা না দেওয়া এবং বিদেশে যাতায়াতে হয়রানি না করার নির্দেশনা দেওয়ার বিষয়ে ঐকমত্য হয়।

অন্যদিকে, ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের পোশাক পরিবর্তন প্রসঙ্গে বৈঠকে আইজিপির পক্ষ থেকে খাকি প্যান্ট পরিবর্তনের প্রস্তাব এলেও তা গৃহীত হয়নি। ফলে পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের ইউনিফর্ম নেভি ব্লু শার্ট ও খাকি প্যান্টই বহাল থাকছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ