Views Bangladesh Logo

রেট্রো লুকে আলিয়া, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর নতুন পোস্টারে মুগ্ধ ভক্তরা

সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটির প্রচারণায় একের পর এক নতুন চমক সামনে আনছেন নির্মাতারা। এবার প্রকাশ্যে এসেছে আলিয়া ভাটের নতুন লুক, যা ইতোমধ্যে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

নতুন পোস্টারে একেবারেই ভিন্ন সাজে দেখা গেছে আলিয়াকে। রেট্রো ক্যাবারে ঘরানার অবতারে চেয়ারে বসে পোজ দিয়েছেন অভিনেত্রী। তার পোশাক, মাথার বিশেষ হেডপিস এবং রাজকীয় সাজে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামারের ছাপ।

পোস্টারে আলিয়ার আত্মবিশ্বাসী অভিব্যক্তিও নজর কেড়েছে। চোখের তীক্ষ্ণ দৃষ্টি ও স্বতন্ত্র ভঙ্গিতে অভিনেত্রীর চরিত্রটি যে সিনেমায় গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করবে, পোস্টার থেকেই তার ইঙ্গিত মিলেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘আগ ভি, দিলোঁ কি জান ভি!’ যার অর্থ আগুনও বটে, আবার হৃদয়ের স্পন্দনও। পোস্টার প্রকাশের পর আলিয়ার নতুন সাজ নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া দেখা গেছে।

এর আগে সিনেমাটি থেকে রণবীর কাপুরের প্রথম লুক প্রকাশ করেছিলেন নির্মাতারা। এবার আলিয়ার নতুন অবতার প্রকাশের পর ‘লাভ অ্যান্ড ওয়ার’ নিয়ে দর্শকদের কৌতূহল আরও বেড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রীর লুকের প্রশংসা করছেন।

সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় নির্মিত সিনেমাটি তার পরিচিত ঐতিহাসিক বা পিরিয়ড গল্পের বাইরে গিয়ে সমকালীন প্রেক্ষাপটে তৈরি হচ্ছে। এ সিনেমার মাধ্যমে দ্বিতীয়বার বানসালির সঙ্গে কাজ করছেন আলিয়া ভাট। এর আগে পরিচালকের ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি।

পর্দার বাইরে বাস্তব জীবনের দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাটকে আবারও একসঙ্গে বড় পর্দায় দেখা যাবে এই সিনেমায়। এর আগে ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় জুটি বেঁধেছিলেন তারা। নির্মাতারা ইতোমধ্যে প্রধান অভিনয়শিল্পীদের লুক প্রকাশের মাধ্যমে সিনেমাটির প্রচারণা শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ