Views Bangladesh Logo

সেলফি তুলতে গিয়ে ধাক্কা খেলেন ভক্ত, ফিরেও তাকালেন না আলিয়া

প্রিয় তারকার সঙ্গে একটি ছবি তোলার জন্য ভক্তদের আগ্রহ নতুন কিছু নয়। তবে সেই আগ্রহের জেরেই এবার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়লেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের এক ভক্ত। আলিয়ার সঙ্গে সেলফি তুলতে এগিয়ে গেলে তার দেহরক্ষী ওই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। ঘটনার সময় ভক্তটির দিকে ফিরেও তাকাননি আলিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ঘটনাটি দেখা যায়। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার মুম্বাইয়ে আলিয়ার প্রযোজনা সংস্থার নতুন চলচ্চিত্র ‘ডোন্ট বি শাই’-এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে ঘটনাটি ঘটে।

অনুষ্ঠান শেষে ভেন্যু থেকে বের হওয়ার সময় আলিয়াকে ঘিরে ধরেন একদল ভক্ত। প্রিয় অভিনেত্রীর সঙ্গে ছবি তোলার সুযোগ পেয়ে আলিয়াও তাদের সঙ্গে স্বাভাবিকভাবে ছবি তুলছিলেন। এ সময় ভিড় ঠেলে এক যুবক আলিয়ার খুব কাছে গিয়ে সেলফি তোলার চেষ্টা করেন। বিষয়টি নজরে আসতেই আলিয়ার দেহরক্ষী দ্রুত এগিয়ে এসে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন।

এরপরও ওই ভক্ত আবার আলিয়ার সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। কিন্তু দ্বিতীয়বারও তাকে সরিয়ে দেওয়া হয়। পুরো ঘটনার সময় আলিয়া অন্য ভক্তদের সঙ্গে ছবি তুলছিলেন। তার পাশেই এমন ঘটনা ঘটলেও তিনি সেদিকে ফিরে তাকাননি। ফলে ঘটনাটি নিয়ে সেখানেই কোনো প্রতিক্রিয়া জানাননি অভিনেত্রী।

এদিকে আলিয়ার নতুন চলচ্চিত্র ‘ডোন্ট বি শাই’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বোনের সঙ্গে যৌথভাবে গড়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত সিনেমাটি আগামী ২৫ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ চলচ্চিত্রেও দেখা যাবে আলিয়াকে। এতে তার সঙ্গে অভিনয় করছেন রণবীর কাপুর ও ভিকি কৌশল। সিনেমাটি ২০২৭ সালের জানুয়ারিতে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ