আলিয়া ভাটকে ঘিরে ফের মা হওয়ার গুঞ্জন
বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট সম্প্রতি অস্ট্রিয়ায় বরফঘেরা পরিবেশে তাঁদের চতুর্থ বিবাহবার্ষিকী উদযাপন করেছেন। সেই বিশেষ মুহূর্তের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন আলিয়া।
তবে দেশে ফেরার পর আলিয়াকে দেখা গেল ভিন্ন আবহে। মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের বাইরে কাপুর পরিবারের পুত্রবধূকে ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। এরপর থেকেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে জোর জল্পনা।
ভিডিওতে দেখা যায়, আলিয়ার পরনে ছিল ঢিলেঢালা সাদা পোশাক। চুল ছিল এলোমেলো, তবে মুখে ছিল মিষ্টি হাসি। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপর নেটিজেনদের প্রশ্ন—রণবীর-আলিয়ার সংসারে কি তবে আসতে চলেছে নতুন অতিথি?
এরই মধ্যে দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের দ্বিতীয় সন্তানের সুখবরও সামনে এসেছে। গোটা দেশ ও তারকাজগতে চলছে আনন্দ উদযাপন। দীপিকার ইনস্টাগ্রাম পোস্টে ‘হার্ট’ রিঅ্যাক্ট দিয়ে ভালোবাসা জানিয়েছেন আলিয়া ভাট।
আলিয়ার পাশাপাশি আরও অনেক তারকাও দীপিকাকে শুভেচ্ছা জানিয়েছেন। ভূমি পেডনেকর ও সামান্থা রুথ প্রভুও শুভকামনা জানান। পরিণীতি চোপড়া লিখেছেন, “কনগ্র্যাটসসসসসস।”
তবে নিজের মা হওয়ার গুঞ্জন নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রণবীর বা আলিয়া।
বর্তমানে আলিয়া ব্যস্ত আছেন সঞ্জয় লীলা বানসালির বড় বাজেটের সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ, যেখানে তাঁর সহশিল্পী রণবীর কাপুর ও ভিকি কৌশল। এছাড়া তাঁর নতুন সিনেমা ‘আলফা’ আগামী ১০ জুলাই মুক্তির অপেক্ষায় রয়েছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে