সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হলেন আলি আকবর খান
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত আইজিপি আলি আকবর খান। সোমবার (১ জুন) পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্ম নেওয়া আলি আকবর খান ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে ১৯৯৫ সালে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে কর্মজীবন শুরু করেন।
দীর্ঘ চাকরিজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য সহকর্মী ও সংশ্লিষ্ট মহলে তিনি সমাদৃত।
পেশাগত দক্ষতা বাড়াতে দেশ-বিদেশে নানা উচ্চতর প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ইতালিতে মানবপাচার প্রতিরোধ ও বৈধ অভিবাসনবিষয়ক একটি আন্তর্জাতিক কর্মশালা এবং মালদ্বীপে মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহবিষয়ক একটি আঞ্চলিক কর্মশালা।
নতুন দায়িত্ব গ্রহণ করায় সিআইডির পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তার নেতৃত্ব ও দীর্ঘ অভিজ্ঞতায় সংস্থাটির অপরাধ অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেছেন সদস্যরা।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে