নারী বিশ্বকাপে প্রথমবার সুযোগ পেল আলজেরিয়া, সঙ্গে থাকছে মরক্কো
আফ্রিকার নারী কাপ অব নেশনসের কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস গড়ল আলজেরিয়া ও মরক্কো। শনিবার (৮ আগস্ট) সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার মাধ্যমে দুই উত্তর আফ্রিকান পরাশক্তি ব্রাজিল ২০২৭ নারী বিশ্বকাপের মূল পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে। এটি আলজেরিয়ার নারী ফুটবল দলের জন্য প্রথম বিশ্বকাপ হলেও মরক্কো এর আগের ২০২৩ বিশ্বকাপেও অংশ নিয়েছিল।
কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত দিনের প্রথম কোয়ার্টার ফাইনালে ১০ জনের আইভরি কোস্টকে ২-১ গোলে হারায় আলজেরিয়া। ম্যাচের প্রথমার্ধে ইনেস কোনানের গোলে আইভরি কোস্ট এগিয়ে গেলেও পরবর্তীতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় আলজেরীয় নারীরা। দ্বিতীয়ার্ধে ইনেস খিরি ও আমিরা উলদ ব্রাহামের জোড়া গোলে জয় সুনিশ্চিত করে দলটি।
ম্যাচের ৪১তম মিনিটে আলজেরিয়ার গোলরক্ষক ক্লো এনগাজিকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আইভরি কোস্টের এনসিরা ওয়েদ্রাওগো। ১-১ সমতায় থাকা অবস্থায় রেবেকা এলোর নেয়া পেনাল্টি শট পোস্টে লাগায় গোলবঞ্চিত হয় আইভরি কোস্ট, যা তাদেরকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
অন্যদিকে রাবাতে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারায় স্বাগতিক মরক্কো। সাকিনা উজরাউই ও হানানে আইত এল হাজের (পেনাল্টি) গোলে দ্রুতই ২-০ ব্যবধানে এগিয়ে যায় মরক্কো।
ম্যাচের দ্বিতীয়ার্ধে থেম্বি কেগাতলানা দক্ষিণ আফ্রিকার হয়ে একটি গোল পরিশোধ করলেও মরক্কোর জয় আটকাতে পারেনি।
নারী কাপ অব নেশনসের সেরা চার সেমিফাইনালিস্ট দল সরাসরি ২০২৭ নারী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও আইভরি কোস্ট ও দক্ষিণ আফ্রিকার সামনে এখনও বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখার সুযোগ রয়েছে। আগামী বৃহস্পতিবার প্লে-অফ ম্যাচে মুখোমুখি হবে দল দুটি, যেখান থেকে দুই আফ্রিকান প্রতিনিধি ফিফা ইন্টার-কনফেডারেশন প্লে-অফে অংশ নেয়ার সুযোগ পাবে।
উল্লেখ্য, আফ্রিকা কাপ অব নেশনসের ইতিহাসে এখন পর্যন্ত মাত্র তিনটি দেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নাইজেরিয়া ১০ বার, নিরক্ষীয় গিনি দুইবার এবং দক্ষিণ আফ্রিকা একবার এই ট্রফি ঘরে তুলেছে।
মতামত দিন