Views Bangladesh Logo

লরিয়াস অ্যাওয়ার্ড জিতলেন আলকারাজ ও সাবালেঙ্কা, বর্ষসেরা তরুণ ইয়ামাল

Sports Desk

ক্রীড়া ডেস্ক

খেলাধুলার ‘অস্কার’ হিসেবে পরিচিত লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে এবার জয়জয়কার টেনিস তারকাদের। বর্ষসেরা পুরুষ ও নারী ক্রীড়াবিদের দুটি শীর্ষ পুরস্কারই নিজেদের ঝুলিতে ভরেছেন দুই টেনিস তারকা। বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন কার্লোস আলকারাজ এবং বর্ষসেরা নারী ক্রীড়াবিদের মুকুট জিতেছেন আরিনা সাবালেঙ্কা। অন্যদিকে, বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতেছেন বার্সেলোনার স্প্যানিশ উইঙ্গার লামিনে ইয়ামাল।

সোমবার (২০ এপ্রিল) স্পেনের মাদ্রিদের সিবেলেস প্যালেসে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

গত বছর ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেন জিতে টেনিস দুনিয়ায় ঝড় তোলা ২২ বছর বয়সী আলকারাজ ক্যারিয়ারে প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেলেন। অনুভূতি প্রকাশ করতে গিয়ে আলকারাজ বলেন, ‘যাঁরা খেলাধুলা এত গভীরভাবে বোঝেন, তাদের কাছ থেকে এ স্বীকৃতি পাওয়া আরও বেশি অর্থবহ। এই রাত আমি কোনো দিন ভুলব না, হৃদয়ে গেঁথে থাকবে সব সময়।’

নারীদের বিভাগে গত বছরের ইউএস ওপেন জয়ী শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কাও প্রথমবারের মতো লরিয়াস পুরস্কার জয়ের স্বাদ পেয়েছেন। নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, ‘আমি এখন কাঁপছি! আমার নামটা সেসব কিংবদন্তি খেলোয়াড়ের পাশে লেখা হবে, যাদের দেখে বড় হয়েছি, যাদের অনুসরণ করেছি। বিষয়টা ভাবতেই একটু অবিশ্বাস্য লাগছে।’

এদিকে, বর্ষসেরা তরুণ ক্রীড়াবিদের পুরস্কার জিতে আবেগাপ্লুত হয়ে পড়েন স্প্যানিশ ফুটবল বিস্ময় লামিনে ইয়ামাল। তিনি বলেন, ‘এই পুরস্কার পেয়ে খুবই আনন্দিত। এটা আমার জন্য বড় সম্মানের। আমি একাডেমি এবং আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, যারা সবসময় আমার পাশে থেকেছেন।’

বক্তব্যের এক পর্যায়ে লিওনেল মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড় হিসেবে উল্লেখ করে ইয়ামাল বলেন, ‘আমার কাছে লিওনেল মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়। তিনি প্রতিটি ক্রীড়াবিদের জন্য একজন আদর্শ। তিনি যা অর্জন করেছেন, তার জন্য বিশ্ববাসী তাকে সম্মান করে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ