‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত অ্যালবিনো মহিষটির জায়গা হলো মিরপুর চিড়িয়াখানায়
কোরবানির জন্য কেনা ‘ডোনাল্ড ট্রাম্প’ খ্যাত আলোচিত অ্যালবিনো জাতের মহিষটি শেষ মুহূর্তে আর জবাই হয়নি। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিরল এই প্রাণীটি সংরক্ষণের সিদ্ধান্ত নিয়ে রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের মাধ্যমে কেরানীগঞ্জ মডেল থানা-পুলিশ মহিষটি হস্তান্তর করে। পরে ৩ লাখ ৩০ হাজার টাকায় ক্রয়কারী পক্ষের কাছ থেকে এটি নিয়ে নেয়া হয় এবং চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।
মহিষটি অ্যালবিনো হওয়ায় এটি অত্যন্ত বিরল বলে জানিয়েছে প্রাণিসম্পদ বিভাগ। এ কারণে গবেষণা ও জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এটিকে চিড়িয়াখানায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্রেতা পক্ষের একজন প্রতিনিধি বলেন, তারা কোরবানির উদ্দেশ্যেই মহিষটি কিনেছিলেন, তবে পরে এটি বিরল প্রজাতির প্রাণী হিসেবে চিহ্নিত হওয়ায় সরকারের সংরক্ষণ উদ্যোগকে তারা স্বাগত জানান।
প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু তার ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরে বলেন, প্রাণীটির জন্য চিড়িয়াখানায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক পরিচর্যার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি প্রধানমন্ত্রীকেও অবগত করা হয়েছে এবং তিনি বিরল প্রাণী সংরক্ষণে প্রয়োজনীয় উদ্যোগকে গুরুত্ব দিয়েছেন।
সব মিলিয়ে কোরবানির পরিবর্তে এবার বিরল এই অ্যালবিনো মহিষটি গবেষণা ও প্রদর্শনের জন্য জাতীয় চিড়িয়াখানার অংশ হয়ে থাকছে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে