Views Bangladesh Logo

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আল-আজহারের বৃত্তি দ্বিগুণ

 VB  Desk

ভিবি ডেস্ক

বিশ্বের অন্যতম শীর্ষ ও ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত বৃত্তির সংখ্যা দ্বিগুণ করা হয়েছে। আগে যেখানে বছরে ১২টি বৃত্তি বরাদ্দ ছিল, এখন তা বাড়িয়ে ২৪টি করা হয়েছে। ফলে আরও বেশি সংখ্যক মেধাবী বাংলাদেশি শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পাবেন।

শনিবার (১১ জুলাই) কায়রোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। দূতাবাসের তথ্য অনুযায়ী, কায়রোতে বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সারি আতাউল হক সম্প্রতি আল-আজহারের গ্র্যান্ড ইমামের আন্তর্জাতিক শিক্ষার্থীবিষয়ক উপদেষ্টা নাহলা সাইদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশ ও আল-আজহারের মধ্যে শিক্ষা ও অ্যাকাডেমিক সহযোগিতা, বিশেষ করে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও কল্যাণসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকের শুরুতে নাহলা সাইদি জানান, মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত সামিনা নাজের অনুরোধের পরিপ্রেক্ষিতে আল-আজহার বিশ্ববিদ্যালয় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২৪ করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইসলামি বিদ্যাপীঠে উচ্চশিক্ষার সুযোগ লাভ করবেন।

এ সময় নাহলা সাইদি আল-আজহার বিশ্ববিদ্যালয়ের নবপ্রণীত নীতিমালা, চলমান কার্যক্রম এবং সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে বাংলাদেশ দূতাবাসকে অবহিত করেন। পাশাপাশি তিনি রাষ্ট্রদূত সামিনা নাজের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জানান।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও আল-আজহারের দীর্ঘদিনের শিক্ষা সহযোগিতাকে আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা, গবেষণা, বৃত্তি এবং বাংলাদেশি শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ