সোহরাওয়ার্দী উদ্যানে ১০ জানুয়ারি আ.লীগের সমাবেশ
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সোমবার দুপুরে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এতথ্য জানান।
ওবায়দুল কাদের বলেন, “১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দুপুর আড়াইটায় সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ। সমাবেশে সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা। টানা চতুর্থ ও পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন শেখ হাসিনা। ভারত, রাশিয়া, চীন, ফিলিপাইন, সিঙ্গাপুর ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করে শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশ পরিচালনা করব। আমাদের ইশতেহারে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট ও সমৃদ্ধ। এই নির্বাচন দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় মাইলফলক হয়ে থাকবে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি ও জামায়াত এবারও ব্যর্থ হয়েছে। বারবার নির্বাচন বর্জন করে ৫ বছর অপেক্ষা করা ছাড়া তাদের আর করণীয় নেই। আজ তাদের সব অভিযোগ বাস্তবতাবিবর্জিত ও ভিত্তিহীন। প্রেস ব্রিফ করে মিথ্যাচার করে তারা বক্তব্য দিয়েছেন। এমন মিথ্যাচার তাদের করুণ পরিণতির জন্য দায়ী।”
উল্লেখ্য, রোববার অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্যে দিয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচনে জয়ের পর ঢাকায় প্রথম সমাবেশে করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে