গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে থানার ভেতরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং প্রাঙ্গণে থাকা বেশ কয়েকটি গাড়ি পুড়ে গেছে।
এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১টা পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শিপলু আহমেদ এ ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘সর্বাত্মক লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় দলটির ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। পরে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে স্লোগান দিতে দিতে তাঁরা মুকসুদপুর থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।
একপর্যায়ে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালান। পরে থানার ভেতরে ও বাইরে থাকা বিভিন্ন গাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন তাঁরা।
অগ্নিকাণ্ডে থানার আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্রের পাশাপাশি প্রাঙ্গণে থাকা কয়েকটি গাড়ি পুড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় থানায় পুলিশের কোনো সদস্যকে দেখা যায়নি।
মতামত দিন