Views Bangladesh Logo

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে ধানের শীষে ভোট চাইলেন আ.লীগের নেতারা

মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত এক উঠান বৈঠকে আওয়ামী লীগের কয়েকজন নেতা উপস্থিত থেকে ধানের শীষের প্রার্থীকে সমর্থন জানিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় শিবচর পৌরসভার খান বাড়িতে অনুষ্ঠিত এই উঠান বৈঠকে বিএনপি ও স্থানীয় সহযোগী সংগঠনের নেতারা একত্রিত হয়ে নাদিরা আক্তারের পক্ষে ভোটের আহ্বান জানান। এ সময় সেখানে উপস্থিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানও দেন।

আওয়ামী লীগের নেতাদের ভাষ্য, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন জানাচ্ছেন। এতে স্থানীয় রাজনীতিতে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

উঠান বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নাদিরা আক্তার বলেন, সবার আগে শিবচর। আমরা ঐক্যবদ্ধভাবে চলব এবং বিএনপিকে বিজয়ী করে আনব। নির্বাচনের পর কাউকে কোনো অযথা হয়রানি করা হবে না। একতা থাকলে শিবচরকে আধুনিক ও উন্নত করা কঠিন হবে না।

বৈঠকে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, কাঁঠালবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম আতাহার ব্যাপারী, শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াস পাশা, চরজানাজাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন রায়হান সরকার, কাঁঠালবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মোহসিন উদ্দিন, বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন হায়দার, মাদবরেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু মুন্সি, বাঁশকান্দী ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান খোকন বায়াতি, কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. হাজী আতিকুর মাদবর, পৌরসভার সাবেক কাউন্সিলর ও অন্যান্য স্থানীয় নেতা-কর্মীরা।

বিএনপি সূত্রে জানা গেছে, নাদিরা আক্তারের মনোনয়ন প্রাথমিকভাবে স্থগিত হওয়ায় জেলা ও উপজেলা বিএনপির নেতাদের সহায়তায় তিনি পুনরায় প্রার্থী হন। এই প্রক্রিয়ায় দুই বিদ্রোহী প্রার্থী ও শিবচর উপজেলা বিএনপির ১০ নেতাকে কেন্দ্রীয় কমিটি দল থেকে বহিষ্কার করেছে।

উঠান বৈঠক পরিচালনা করেন উপজেলা বিএনপির সদস্যসচিব সোহল রানা। সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হেমায়েত হোসেন খান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ