গাইবান্ধা কারাগারে 'হৃদরোগে আক্রান্ত' হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
গাইবান্ধা কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে নেওয়ার পথে আওয়ামী লীগ নেতা তারিক রিফাত (৫০) মারা গেছেন। রবিবার (২৩ নভেম্বর) বিকাল ৫টার দিকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তারিক রিফাত গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের প্রভুরামপুর গ্রামের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়ার ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহ্বায়ক ছিলেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, তারিক রিফাত তিনটি বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। মামলায় গত ১৭ নভেম্বর তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গাইবান্ধা সদর উপজেলার বলমঝাড় ইউনিয়নের ঝিনেস্বর এলাকা থেকে গ্রেফতার করে। শারীরিক অসুস্থতার কারণে তাকে ১৮ নভেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হয়। রবিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রিলিজ দেয়ার পর আদালতের মাধ্যমে তাকে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়।
গাইবান্ধা জেল সুপার আনোয়ার হোসেন বলেন, 'বিকাল সাড়ে ৪টার দিকে আসামিকে আমাদের কাছে আনা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাওয়া মেডিকেল সার্টিফিকেটে তার হৃদরোগসহ অন্যান্য স্বাস্থ্য সমস্যার উল্লেখ ছিল।'
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, তারিক রিফাতকে জামায়াতের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ১৭ নভেম্বর গ্রেফতার করা হয়েছিল। অসুস্থতার কারণে তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল। রবিবার বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে