মতবিনিময় সভায় সিইসি
সরকার বা আদালত নিষিদ্ধ না করলে নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগ
সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে তাহলে দলটির নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে 'ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন' উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, ‘এখন নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। ডানে, বামে বা বহির্বিশ্বের কোনো চাপ নেই। এখন আমরা বিবেকের চাপে আছি। এদেশে ভালো নির্বাচন করাও সম্ভব, খারাপ নির্বাচন করাও সম্ভব।’
এ সময় বিগত নির্বাচন কমিশনকে শাস্তির আওতায় আনার চিন্তাভাবনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এটা নির্বাচন সংস্কার কমিশনের বিষয়। আমরা ওনাদের সুপারিশনামা এখনও পাইনি। তবে আমাদের কমিশনের পক্ষ থেকে এ ধরনের কোনো চিন্তা করা হচ্ছে না, সিদ্ধান্তও নেই।’
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে নাসির উদ্দিন বলেন, ‘আমরা ভোটারদের আস্থাহীনতা দূর করব। এজন্য বাড়ি বাড়ি যাবো। ৬ মাসের মধ্যে এই কাজ শেষ করব। ভোটার তালিকা থেকে যারা বাদ পড়ে গেছে, তাদের অন্তর্ভুক্ত করব।’
তিনি আরও বলেন, ‘আপনাদের বলতে চাই, এবারের নির্বাচন আগের মতো হবে না। এরজন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে। এজন্য সবার সহযোগিতা লাগবে।’

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে