নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম, সন্ত্রাসবিরোধী বিল পাস
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী (সংশোধন) ২০২৬ বিল পাস হয়েছে। ফলে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বহাল থাকছে।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে সংসদে বিলটি পাস হয়। এতে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে সংশোধন এনে আইন হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।
বিশেষ করে ২০২৫ সালের ১১ মে জারি করা ‘সন্ত্রাসবিরোধী অধ্যাদেশ’ এই বিলের অন্যতম ভিত্তি।
এই অধ্যাদেশের মাধ্যমে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের ১৮ ও ২০ ধারা সংশোধন করে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। একই আইনের আওতায় ২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশ ছাত্রলীগকেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।
বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক প্ল্যাটফর্ম, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-সহ নানা পক্ষের আন্দোলনের প্রেক্ষাপটে ওই সময় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এই নিষেধাজ্ঞার আওতায় দলটি মিছিল, সভা-সমাবেশ করতে পারবে না, দলীয় কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ থাকবে।
পাশাপাশি পোস্টার-ব্যানার প্রচার, সংবাদ বিজ্ঞপ্তি প্রদান, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারণা এবং সংবাদ সম্মেলন করাও নিষিদ্ধ থাকবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে