আজ আখেরি চাহার সোম্বা, বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। সরকারের বার্ষিক ছুটির তালিকায় দিনটি রাখা হয়েছে ঐচ্ছিক ছুটি হিসেবে। তবে আখেরি চাহার সোম্বা উপলক্ষে দেশব্যাপী কোনো সাধারণ সরকারি ছুটি ঘোষণা করা হয়নি।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, বুধবার এক দিনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কার্যক্রম বন্ধ থাকবে। এর আওতায় রয়েছে সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়। ফলে নিয়মিত পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম থেকে শিক্ষার্থীরা এক দিনের বিরতি পাচ্ছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ও এ উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সব কলেজ বন্ধ রাখার কথা জানিয়েছে। পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটি ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও নিজেদের নোটিশে একই ছুটির কথা জানিয়েছে।
‘আখেরি চাহার সোম্বা’ নামটি এসেছে আরবি ও ফারসি ভাষার শব্দ থেকে। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘সোম্বা’ অর্থ বুধবার। সেই অর্থে সফর মাসের শেষ বুধবারকে বলা হয় আখেরি চাহার সোম্বা। মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি ধর্মীয়ভাবে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচিত। দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় নানা কর্মসূচির আয়োজন করা হয়। মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ, জিকির-আজকার এবং বিশেষ মোনাজাতের আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন অনেকে। কোথাও কোথাও ব্যক্তিগতভাবেও ধর্মীয় আমল ও ইবাদতের মাধ্যমে দিনটি অতিবাহিত করা হয়।
এদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও অন্যান্য সরকারি ও বেসরকারি অফিসের কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। কারণ আখেরি চাহার শোম্বা জাতীয়ভাবে ঘোষিত সাধারণ সরকারি ছুটির দিন নয়। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির সঙ্গে দেশের সামগ্রিক কর্মজীবনে সাধারণ ছুটির বিষয়টি এক করে দেখার সুযোগ নেই।
মতামত দিন