সব ধরনের ক্রিকেটকেই বিদায় জানালেন রাহানে
একসময় ভারতের সবচেয়ে নির্ভরযোগ্য টেস্ট ব্যাটারদের একজন ছিলেন। সংকটের মুহূর্তে ব্যাট হাতে যেমন ভরসা দিয়েছেন, তেমনি অধিনায়ক হিসেবেও লিখেছেন ইতিহাস। অবশেষে ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার অজিঙ্কা রাহানে। শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, সব ধরনের ক্রিকেট থেকেই তাৎক্ষণিকভাবে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় ৩৮ বছর বয়সী এই ব্যাটার বলেছেন, ‘জীবনের বাস্তবতা হলো, প্রতিটি শুরুর যেমন শেষ আছে, তেমনি প্রতিটি যাত্রারও একটি সমাপ্তি রয়েছে। সেই সময় এলে সেটিকে সম্মান জানিয়ে সামনে এগিয়ে যেতে হয়। ব্যাটিংয়ে আমি সবসময় সঠিক সময়ের ওপর বিশ্বাস করেছি, আর আজ আমার মনে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট ও সব সংস্করণ থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।’ ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘ক্যাপ ২৭৮ সাইনিং অফ। এত বছরের ভালোবাসা ও সমর্থনের জন্য ধন্যবাদ। চিরকৃতজ্ঞ।’
মুম্বাইয়ের এই ব্যাটার ২০১১ সালে টি-টোয়েন্টি দিয়ে ভারতের হয়ে অভিষেক করেন। তবে ধৈর্য, দৃঢ়তা ও রক্ষণাত্মক ব্যাটিংয়ের কারণে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন টেস্ট ক্রিকেটেই। ভারতের হয়ে ৮৫ টেস্টে ৩৮ দশমিক ৪৬ গড়ে ৫ হাজার ৭৭ রান করেছেন তিনি, যেখানে সেঞ্চুরি ১২টি। এ ছাড়া ৯০ ওয়ানডেতে ৩৫ দশমিক ২৬ গড়ে ২ হাজার ৯৬২ রান ও তিনটি সেঞ্চুরি এবং ২০ টি-টোয়েন্টিতে ৩৭৫ রান রয়েছে তাঁর।
২০২৩ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে নিজের ৮৫তম ও শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন রাহানে। এরপর আর জাতীয় দলে সুযোগ পাননি। সীমিত ওভারের ক্রিকেটে ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল ২০১৮ সালে।
রাহানের ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় অধ্যায়টি আসে ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে। বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটিতে থাকায় অধিনায়কের দায়িত্ব পান তিনি। অ্যাডিলেড টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার লজ্জার পর মেলবোর্ন টেস্টে তাঁর অনবদ্য সেঞ্চুরি ভারতকে সিরিজে সমতা এনে দেয়। পরে তাঁর নেতৃত্বেই ভারত ২-১ ব্যবধানে ঐতিহাসিক সিরিজ জিতে নেয়।
অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে মোট ছয়টি টেস্টে ভারতকে নেতৃত্ব দেন রাহানে। তাঁর অধিনায়কত্বে ভারত চারটি ম্যাচ জেতে এবং দুটি ড্র করে। অর্থাৎ টেস্ট অধিনায়ক হিসেবে তিনি কখনোই হারেননি।
আইপিএলের প্রথম আসর থেকেই খেলে আসছিলেন রাহানে। ছয়টি ফ্র্যাঞ্চাইজির হয়ে ২১২টি ম্যাচ খেলেছেন তিনি। ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে জেতেন ক্যারিয়ারের একমাত্র আইপিএল শিরোপা। সর্বশেষ দুই মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্ব করেছেন তিনি; তাঁর অবসরের সিদ্ধান্তে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে দলটিকে।
মতামত দিন