বার্সেলোনা থেকে ধারে আয়াক্সে যোগ দিলেন টার স্টেগান
বার্সেলোনার অভিজ্ঞ গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান ২০২৬-২৭ মৌসুমের জন্য ধারে ডাচ ক্লাব আয়াক্সে যোগ দিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে এই দলবদলের বিষয়টি নিশ্চিত করেছে আয়াক্স।
ক্লাবটির বিবৃতিতে বলা হয়, বার্সেলোনা ও টার স্টেগানের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে এবং জার্মান এই গোলরক্ষক পুরো মৌসুম আয়াক্সের হয়ে খেলবেন।
৩৪ বছর বয়সী টার স্টেগান ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দেন। তবে গত দুই মৌসুমে একাধিক গুরুতর চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে।
এরই মধ্যে বার্সেলোনার প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে নিজের অবস্থান শক্ত করেছেন হুয়ান গার্সিয়া। ফলে গত জানুয়ারিতে টার স্টেগানকে ধারে জিরোনায় পাঠায় কাতালান ক্লাবটি। কিন্তু ফেব্রুয়ারিতে জিরোনার হয়ে মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন তিনি। সেই চোটের কারণে মৌসুমের বাকি সময় আর মাঠে ফিরতে পারেননি।
চোটের কারণে সাম্প্রতিক সময়ে জাতীয় দলেও নিয়মিত খেলতে পারেননি টার স্টেগান। ২০২৬ বিশ্বকাপের জন্যও তাকে জার্মানির চূড়ান্ত দলে রাখা হয়নি।
বার্সেলোনার হয়ে এক যুগের ক্যারিয়ারে টার স্টেগান একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং সাতটি লা লিগা শিরোপা জিতেছেন। কাতালান ক্লাবটির সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।
আয়াক্সে যোগ দিয়ে নিয়মিত খেলার সুযোগ পাওয়ার পাশাপাশি নিজের ছন্দ ফিরে পাওয়ার লক্ষ্য থাকবে অভিজ্ঞ এই জার্মান গোলরক্ষকের।
মতামত দিন