বিভিন্ন স্থাপনায় সতর্কতা জারির পেছনে অন্য কোনো কারণ নেই, এটি রুটিন ওয়ার্ক: প্রতিমন্ত্রী
বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থাপনায় সতর্কতা জারি করার পেছনে অন্য কোনো কারণ নেই বলে জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। তিনি বলেছেন, এটি কেবলই রুটিন ওয়ার্ক।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়ার মিরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ বিএনপির ওপর যে পরিমাণ নির্যাতন-অত্যাচার চালিয়েছে এবং তাদের ক্ষমতা থেকে নামাতে বিএনপিকে যে পরিমাণ ত্যাগ স্বীকার করতে হয়েছে, সেই জায়গা থেকে আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই।
সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত পরশু দিন ক্ষমতাচ্যুত সরকার ভারতে বসে প্রেস কনফারেন্সের চেষ্টা করেছে। এর প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় যে ধরনের প্রতিবাদ জানিয়েছে, সে ধরনের প্রতিবাদ এর আগে কোনো সরকার জানাতে পারেনি।
তিনি আরও বলেন, দেশের বিমানবন্দরসহ বিভিন্ন স্থাপনায় যে সতর্কতা জারি করা হচ্ছে, তার পেছনে অন্য কোনো কারণ নেই। এটি কেবলই রুটিন ওয়ার্ক।
মিরপুর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত এই মতবিনিময় সভায় কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির নেতা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন।
মতামত দিন