Views Bangladesh Logo

পাখি তাড়াতে গুলি, ওসমানী বিমানবন্দরে পরিচ্ছন্নতাকর্মী আহত

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে গিয়ে আনসার সদস্যের ছোড়া শটগানের গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। গুলিটি তার কোমরে লাগে। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল সূত্র জানিয়েছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।

বিমানবন্দর সূত্র জানায়, সকালে একটি গাড়িতে করে রানওয়ে এলাকায় নিয়মিত টহল দিচ্ছিলেন আনসার সদস্য মোজাম্মেল। এ সময় বিমানবন্দরে পাখির বিচরণ দেখতে পেয়ে সেগুলো তাড়াতে নিজের কাছে থাকা শটগান দিয়ে গুলি ছোড়েন তিনি। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে কর্মরত রুবেল আহমদের কোমরে লাগে। এতে তিনি মাটিতে পড়ে আহত হন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শীর দাবি, বিমানবন্দরে পাখি তাড়ানোর সময় নির্ধারিত নিরাপত্তাবিধি মেনে গুলি করার নিয়ম রয়েছে। তার ভাষ্য, মোজাম্মেল গাড়ি থেকে না নেমে সেখান থেকেই গুলি ছোড়েন। এ কারণে অসাবধানতাবশত গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে দুর্ঘটনা ঘটেছে বলে ওই প্রত্যক্ষদর্শী মনে করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, দুর্ঘটনাবশত এ ঘটনা ঘটেছে। আহত পরিচ্ছন্নতাকর্মী হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, পাখি তাড়ানোর নির্ধারিত প্রক্রিয়ায় কোনো গাফিলতি বা নিয়ম লঙ্ঘন হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কারও অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ