Views Bangladesh Logo

ঢাকা-মুম্বাই ফ্লাইট স্থগিত, দিল্লি রুটেও কাটছাঁট করল এয়ার ইন্ডিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

জুন থেকে আগস্ট পর্যন্ত বেশ কিছু আন্তর্জাতিক রুটে ফ্লাইট কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ভারতের পতাকাবাহী বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। এর মধ্যে মুম্বাই-ঢাকা রুটে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ এবং দিল্লি-ঢাকা রুটে ফ্লাইট সংখ্যা সাত থেকে কমিয়ে চারটি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, নির্দিষ্ট কিছু অঞ্চলের আকাশসীমায় নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক ফ্লাইটে জেট জ্বালানির রেকর্ড মূল্যবৃদ্ধির কারণে দীর্ঘ পাল্লার রুটগুলো পরিচালনা ক্রমশ ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে। শেষ মুহূর্তে ফ্লাইট বাতিলের ঝুঁকি এড়াতে এবং নেটওয়ার্ককে স্থিতিশীল রাখতেই আগেভাগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরিবর্তনের ফলে উত্তর আমেরিকা রুটে দিল্লি-শিকাগো, মুম্বাই-নিউইয়র্ক ও দিল্লি-নেওয়ার্ক সার্ভিস আপাতত বন্ধ থাকবে। সান ফ্রান্সিসকো, টরন্টো ও ভ্যাঙ্কুভার রুটেও ফ্লাইট কমবে। ইউরোপে প্যারিস, রোম, জুরিখ, ভিয়েনা, মিলান ও কোপেনহেগেন রুটে সাপ্তাহিক ফ্লাইটের সংখ্যা হ্রাস পাবে। অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে দৈনিক ফ্লাইটের বদলে সপ্তাহে চারটি করে ফ্লাইট চলবে। এশিয়ায় দিল্লি-সাংহাই রুট আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে এবং কাঠমান্ডু, কলম্বো, ব্যাংকক, কুয়ালালামপুর, হ্যানয় ও হো চি মিন সিটি রুটেও ফ্লাইট কমবে।

এই রদবদলের পরও পাঁচ মহাদেশজুড়ে প্রতি মাসে ১ হাজার ২০০-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা অব্যাহত রাখবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। ফ্লাইট বাতিল বা সময় পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত যাত্রীদের বিকল্প বুকিং বা টিকিটের অর্থ ফেরতের নিশ্চয়তাও দিয়েছে সংস্থাটি। সূত্র: এনডিটিভি

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ